২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে আলোচনায় বসতে চাপ দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়াকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের ব্যাপারে আলোচনায় বসতে দেশটিকে চাপ দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শুক্রবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও চীনা পররাষ্ট্র মন্ত্রী লি ঝাওজিংয়ের মধ্যে এক বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এছাড়া ৯ অক্টোবর পরমাণু পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ উত্তর কোরিয়াকে যে প্রস্তাব দিয়েছে তার যথাযথ বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।

রাইস উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর বিষয়টিকে ’উস্কানিমূলক’ আখ্যায়িত করে বলেন, এ ঘটনাটি বিশ্বের, বিশেষ করে পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।

পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় সমর্থক বেইজিং উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠানোর একদিন পরেই রাইস বেইজিং সফরে যান।

উত্তর কোরিয়া আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে- এ ধারণার প্রেক্ষাপটে রাইস পূর্ব এশিয়া সফর করছেন।

সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রী লি এ সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

তিনি বলেন,‘আমরা আশা করছি প্রতিটি দেশই আলোচনার মাধ্যমে সঠিক একটি সমাধানের ব্যাপারে একমত হবে।’

তিনি আরও বলেন, সব দেশের সাথে সহযোগিতা জোরদার করার এবং শিগগিরই ছয় জাতি আলোচনায় বসার ইচ্ছা তাদের আছে।

নভেম্বরে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় উত্তর ও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া এবং চীন- এ ছয়টি দেশের মধ্যকার আলোচনা বিলম্বিত হয়।