২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া সংকট নিরসনে রাইস এখন বেইজিংয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 11:48 AM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এর আগে চীনের শীর্ষ কূটনীতিবিদদের একটি দল উত্তর কোরিয়াকে পরমাণু কার্যক্রম বন্ধে রাজি করাতে পিয়ংইয়ং সফর করেন। কূটনৈতিক তৎপরতায় তারা কতোটা সফল হলেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণ করতে রাইস এই দলটির সাথে আলোচনায় বসবেন বলে জানা গেছে। 

গত বুধবার তিনি এশিয়া সফর শুরু করেন।

তবে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দেওয়ায় পূর্ব এশিয়ায় রাইসের এই সংকটকালীন সফর ভেস্তে যেতে পারে বলে অনেকে মনে করছেন।

আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া গত ৯ অক্টোবর তাদের প্রথম পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালালে বিশ্বের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, উত্তর কোরিয়া আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে।

মার্কিন শীর্ষ কর্মকর্তারা মনে করেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের সাথে চীনের কূটনীতিবিদদের বৈঠক কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তাছাড়া উত্তর কোরিয়া আবারও ছয় জাতি সংলাপে ফিরে আসার ঘোষণা দেবে- এমন সম্ভাবনাও নেই।

ওদিকে, বুশ প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় দফা পরমাণু অস্ত্র পরীক্ষার পাশাপাশি পিয়ংইয়ং আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে ওয়াশিংটন আশংকা করছে। এ বছর জুলাইয়ে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।