গ্রীনল্যান্ডে বরফের স্তর ধারণার চেয়ে কম হারে গলছে: নাসা
গ্রীনল্যান্ডকে ঘিরে থাকা বিশালাকৃতির বরফের স্তর খুব দ্রুত গলছে। তবে গলনের হার নিয়ে পূর্ববর্তী এক গবেষণায় যা বলা হয়েছে সে হার তার চেয়ে অর্ধেকেরও কম বলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বৈশ্বিক উষ্ণতা নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে নাসার সাম্প্রতিক ওই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বেশ আশার কথা শোনান।
নাসার প্ল্যানেটরি জিওডাইনামিক্স ল্যাবরেটরির গবেষক স্কট লুথকে ও তার দলের এ গবেষণার ফলাফল সায়েন্স এক্সপ্রেস প্রত্রিকার প্রকাশিত হয়।
বৃহস্পতিবার ওয়াশিংটনে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, গ্রীনল্যান্ডের নিম্ন উপকূল এলাকায় ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতি বছরে ১৫৫ গিগাটন (৪১ কিউবিক মাইল) বরফ গলে গেছে।
তবে প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে প্রতি বছরই ৫৪ গিগাটন (১৪ কিউবিক মাইল) বরফ বেড়েছে বলে তারা জানান।
গবেষক লুথকে বলেন, ১৯৯০ সাল থেকে এ পরিবর্তন শুরু হয়েছে। ওই সময় থেকে গ্রীনল্যান্ডে যে পরিমাণ বরফ গলেছে তার প্রায় সমপরিমাণ বরফ আবার জমেছে।
সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে গ্রীনল্যান্ডে বরফ গলনের যে হার দেখানো হয় এ গবেষণায় সে হার তার চেয়ে অর্ধেকেরও কম বলে দাবি করা হয়।
তবে এতে এও বলা হয়েছে যে, প্রতি বছর তুষারপাতের কারণে যতোটা বরফ গ্রীনল্যান্ডে জমে তার চেয়ে ২০ শতাংশ বেশি হারে বরফ গলে যাচ্ছে।
এই গবেষণা প্রতিবেদনের আরেক লেখক জে জোয়ালি বলেন,‘খুব অল্প সময়ের মধ্যে এটি একটি বড় ধরনের পরিবর্তন। ১৯৯০ এর দশকে গ্রীনল্যান্ডের বরফের স্তর বাইরের দিকে গলতে থাকলেও ভেতরের দিকে বাড়ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে বরফ গলনের প্রক্রিয়া ভেতরের দিকে বরফ জমার হারের চেয়ে বেশি।’
তবে তিনি আস্বস্ত করে বলেন,‘এ শতাব্দীতে পরিবেশগত পরিবর্তনের যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল আমরা তার প্রাথমিক পর্যায়ে রয়েছি মাত্র।’
উল্লেখ্য, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে গ্রীনল্যান্ডের বরফ গলার ঘটনাকে প্রাথমিক উদাহরণ হিসেবে ধরা হয়।
