২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময় পেরিয়ে গেলেও তদন্ত কমিটিকে কিছু বলেননি নেপালের রাজা

তদন্ত কমিটির দেওয়া সময় পেরিয়ে গেলেও কোনো প্রশ্নের উত্তর এখনও দেননি নেপালের রাজা জ্ঞানেন্দ্র ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 02:34 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

চলতি বছরের এপ্রিলে গণতন্ত্রকামীদের বিদ্রোহে কমপক্ষে ২২ জন নিহত এবং ৫,০০০ এর বেশি ব্যক্তি আহত হওয়ায় নেপালের বহুদলীয় সরকার এ তদন্ত কমিটি গঠন করে।

এ বিদ্রোহ সম্পর্কে রাজার মতামত জানতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে গঠিত তদন্ত কমিটি রাজা জ্ঞানেন্দ্রকে গত সপ্তাহে একটি প্রশ্নপত্র পাঠায় এবং বুধবারের মধ্যে উত্তর দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেয়।

হরিহর বিরহী রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কোনো উত্তর না দেওয়ায় আমরা ধরেই নিয়েছি তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আর কোন অভিযোগ করতে পারবেন না। আমাদের কাছে যেসব তথ্য আছে তার ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে’।

তবে রাজার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

মাওবাদী গেরিলাদের সমর্থনে নেপালের সাতটি প্রধান রাজনৈতিক দল এ আন্দোলনের ডাক দিয়েছিল যারা ১৯৯৬ সাল থেকে রাজ্যপ্রথার বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিকতার পক্ষে আন্দোলন চালিয়ে আসছিল। দীর্ঘ এ আন্দোলনে এখন পর্যন্ত ১৩ হাজার এরও বেশি ব্যক্তি মারা গেছে। জ্ঞানেন্দ্র ব্যাপক গণআন্দোলনের মুখে নতি স্বীকার করে ক্ষমতা নেওয়ার প্রায় এক বছর পরেই রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

প্রাক্তন মন্ত্রীসভার মন্ত্রীসহ প্রায় ৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এ কমিটি।

বিরহী বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় অনেক মন্ত্রীই আমাদেরকে বলেছেন রাজার উচিত এ ঘটনার দায় স্বীকার করা। আর এসব অভিযোগের কারণেই নিজের অবস্থান ব্যাখ্যা করার  জন্য আমরা তাঁর কাছে প্রশ্নপত্র পাঠিয়েছিলাম। তবে আশ্চর্যের বিষয় হল তিনি সুযোগটা হারালেন’।