নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে দেশে ফিরলেন শোয়েব ও আসিফ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট থেকে দুই পেসবোলার শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ন্যানড্রোলিন নেওয়ার অপরাধে তাদেরকে এ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে।
দ্বিতীয় পরীক্ষায়ও নিষিদ্ধ ড্রাগ নেওয়ার সত্যতা প্রমাণিত হলে দুই ক্রিকেটারই দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হতে পারেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সালিম আলতাফ বলেন,‘চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার আগে মালয়েশিয়ার ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ল্যাবরেটরিতে ২৫ জন খেলোয়াড়ের উপর করা প্রথম টেস্টে শোয়েব ও আসিফ দুজননেই ন্যানড্রোলিন ড্রাগ পজিটিভ প্রমাণিত হয়েছেন।’
তিনি আরও বলেন তারা দ্বিতীয় একটি টেস্ট (বি স্যাম্পল) করতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই এ দুই খেলোয়াড়কে ভারত থেকে ডেকে পাঠানো হয়।
আলতাফ আরও স্পষ্ট করে বলেন পরীক্ষাটা আভ্যন্তরীণ ভাবে করা হয়েছে বলে তাদের পিসিবি ডিসিপি¬নারি কমিটির সামনে হাজির হতে হবে।
শাস্তির ব্যাপারে আলতাফ বলেন,’আইসিসির অ্যান্টি-ডপিং নিয়ম অনুসারে প্রথম পর্যায়ের শাস্তি হল দুই বছরের। এ ব্যাপারে আমাদের নিজস্ব কোন নিয়ম নেই এবং আইসিসির নিয়মই মেনে চলা উচিত’।
পিসিবি অবশ্য এ দুই খেলোয়াড়ের পরিবর্তে অন্য দুই খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে।
আলতাফ বলেন দলটি একজন পেসার ও স্পিনার চেয়েছে এবং এক্ষেত্রে মোহাম্মদ সামি, শহীদ নাজির ও ইয়াসির আরাফাতের নাম বিবেচনা করা হচ্ছে।
গুরুত্বের দিক দিয়ে বিশ্বকাপের পরেই চ্যাম্পিয়ন ট্রফির অবস্থান এবং টেস্ট খেলতে পারে এমন সব দেশই এ খেলায় অংশ নেয়।
স্কিপার ইউনিস খান এবং কোচ বব উলমার সোমবার এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।
