২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

ব্রাজিলের আমাজনের গহীন অরণ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫৫ জন নিহত হওয়ার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শুক্রবার বিধ্বস্ত হওয়া গল এয়ারলাইনের বোয়িং-৭৩৭ বিমানটিতে ১৫৫ জন যাত্রী ছিল। যাত্রীদের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বোয়িংটি আমাজনের রাজধানী মানায়ুস থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যাচ্ছিল।

আমাজনের ম্যাটো গ্রোসোর কাছে বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে ব্যাপক অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা চালিয়েও জীবিত কারো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার অবতরণের জন্য দুর্ঘটনাস্থলের চারপাশের ঘন বন কেটে পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

ব্রাজিলের পিক্সোট আজেভেদো শহরের উত্তরে বিধ্বস্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে গল এয়ারলাইন।

এদিকে নিখোঁজ যাত্রীদের খোঁজে ব্রাসিলিয়া, রিও ডি জেনিরো, মানায়ুসের বিমানবন্দরে জড়ো হয়েছেন উৎকণ্ঠিত, শোক বিহ্বল আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাদের কান্নায় বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।