২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক প্রকল্প নিষিদ্ধ ঘোষণা করতে জাতিসংঘের প্রতি পশ্চিমা দেশগুলোর আহবান

ইরানের পরমাণু জ্বালানী কর্মসূচী বন্ধ করতে পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহবান জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 10:56 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অন্যদিকে মার্কিন প্রশাসন ও তার মিত্র দেশগুলো ইরানের পারমাণবিক প্রকল্পকে বন্ধ করতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ রাশিয়ার একটি পারমাণবিক জ্বালানী প্রকল্পের প্রস্তাবে চীনের সাথে ঐক্যমতে পৌঁছেছেন।

রাশিয়া প্রস্তাব দিয়েছে যে, তারা ইরানের জন্য পরমাণু জ্বালানী উৎপাদন করে দিবে এবং এর বর্জ্য অংশটুকু তারা নিজেরা নিয়ে নেবে যাতে করে ইরান তা থেকে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।  বার্তা সংস্থা একথা জানায়।

রাশিয়ার এ প্রস্তাবে ইরান আগ্রহী হলেও মার্কিন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপারটি আলোচনা করার জন্য আন্তর্জাতিক আনবিক সংস্থাকে চাপ দিচ্ছে।

ভিয়েনায় আগামি ২ ফেব্র“য়ারি আইএইএ’র এক জরুরি বৈঠককে কেন্দ্র করে আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের কূটনৈতিক নেতৃবৃন্দ রাশিয়া ও চীনের সাথে বৈঠকের মূল বিষয় নিয়ে অনৈক্য মত প্রকাশ করেছে।

এক গোপন বার্তায় পশ্চিমা শক্তিগুলো আইএইএ-কে জানিয়েছে, তারা যেন নিরাপত্তা পরিষদের সাথে ইরানের এ সংকটের ব্যাপারে আলোচনা করে।

বার্তায় আরও জানানো হয়, আইএইএ’র আহবানে ইরান যদি তার এই একগুঁয়ে পরমাণু প্রকল্প থেকে বিরত থাকে তবে এ সংকট নিরসন সম্ভব।

ইরানে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প মূলত পারমাণবিক চুল্লীতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানী উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হলেও তা পারমাণবিক বোমা তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রকল্পকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

অন্যদিকে ইরান জানিয়েছে তাদের এ প্রকল্প মূলত জ্বালানী উৎপাদনের জন্য এবং এটি পুরোপুরি শান্তিপূর্ণ একটি আভ্যন্তরীণ প্রক্রিয়ামাত্র।

রাশিয়ার একজন কূটনীতিক বলেন, তারা আইএইএ’র কাছে পাঠানো বার্তার কিছু পরিবর্তন চাইছে।

তারা চাইছে, আইএইএ’র গর্ভণররা যেন নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে এবং নিরাপত্তা পরিষদ যেন ইরানের বিরুদ্ধে কোন কঠোর অবস্থানে না যায়।

জাতিসংঘের অধীনে ইরানের সামরিক অভিযানের ব্যাপারটিকে ইঙ্গিত দিয়ে তিনি জানান, ইরান যদি নিরাপত্তা পরিষদের কঠোর অবস্থানে বিপরীতে তাদের পরমাণু গবেষণা চালিয়ে যায় তবে এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হতে পারে যা কারোরই কাম্য নয়।

বুশ রাশিয়ার প্রস্তাবকে সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদে ইরানের বিষয়টি উত্থাপনের জন্য পূর্ণ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

এদিকে চীন এবং আইএইএ’র প্রধান মোহাম্মদ আল বারাদি রাশিয়ার এ প্রস্তাবকে সমর্থন করেছেন।