ইরান বিষয়ে বুশ ও এ্যাংগেলা ঐকমত্যে পৌঁছেছেন
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন ইরান সমস্যার সমাধান তিনি কুটনৈতিক ভাবেই করতে চান। শুক্রবার জার্মানীর চ্যান্সেলর এ্যাংগেলা মার্কেল এর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বললেন।
পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না বলে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের ঘোষণার পর বুশ এ মন্তব্য করলেন।
শুক্রবার ইরানী নেতারা ঘোষণা দিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচীর বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়, তবে জাতিসংঘ পরিদর্শকদের স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না, পাশাপাশি এ ব্যাপারে কোন সহযোগিতাও করা হবে না।
শুক্রবার প্রেসিডেন্ট বুশ জার্মানীর চ্যান্সেলর এ্যাংগেলা মারকেলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কি সিদ্ধান্ত নেয়া উচিত সে বিষয়ে আমি কিছু বলতে চাইনা। তিনি আরও বলেন, আমি মনে করি এ বিষয়টি কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা যাবে।
মারকেল বলেছেন, ইরান পরমাণু কর্মসূচী কে বেগবান করতে যে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমা বিশ্বের উচিৎ ইরানকে তা থেকে বিরত রাখা।
পশ্চিমা বিশ্ব মনে করছে ইরান নাজাতের পরমাণু গবেষণা কেন্দ্রে পরমাণু সমৃদ্ধ করে মূলত পারমাণবিক বোমা তৈরীর দিকে এগিয়ে যাচ্ছে।এদিকে ইরান তার বিরুদ্ধে তোলা পশ্চিমা বিশ্বের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ইরানী কর্তৃপক্ষ বলছে, শান্তিপূর্ণ ভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্যই পরমাণূ গবেষণার কাজ চলছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ’র বৃহৎ শক্তিধর তিন দেশ যেকোন প্রক্রিয়ায় ইরান সমস্যার একেবারেই শেষ করার পক্ষপাতি। এ জন্য তারা শক্তি প্রয়োগের বিষয়টাও এড়িয়ে যাবেনা বলে ইঙ্গিত দিয়ে যাচ্ছে।
বৈঠকে মারকেল বলেছেন, এটা খুবই জরুরী যে, ইরানের বিষয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রকে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য ঐকমত্যে আসতে হবে।
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থায় ইরানের নতুন প্রতিনিধি আলি আসগর সোলতানিয়া আবারো বলেছেন, ইরান তার পরমাণু গবেষণা কেন্দ্রে এমন কোন গবেষণা কাজ পরিচালনা করছেনা, যা আইএইএ’র নীতি বিরুদ্ধ।
