২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তের কাছে রকেট হামলায় ১৪ পাকিস্তানী নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি গ্রামে রকেট হামলায় অন্ততপক্ষে ১৪জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে এ হামলা চালানো হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা সূত্র শুক্রবার জানিয়েছে, সদ্য যে এলাকায় হামলা হয়েছে সেখানে মার্কিন অপারেশনের কোন খবর তাদের কাছে নেই।

সীমান্ত থেকে ৭কি.মি. ভেতর বাজাপুর উপজাতি এলাকার দামাডোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চলটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২০০কি.মি. উত্তর-পশ্চিমে অবস্থিত।

কিছু সংবাদ সূত্রে জানা যায়, এক উপজাতি নেতার বাড়ি লক্ষ্য করে রকেট হামলাটি চালানো হয়। আবার অন্যরা জানায়, বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়েছিল।

পাকিস্তানি সামরিক মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান জানান, হামলার উৎস এখনো তাদের কাছে পরিষ্কার নয়।