পাকিস্তানে আল কায়েদা ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় নিহত ১৮
পাকিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী পরিচালিত এক বিমান হামলায় সন্দেহভাজন ১৮ আল কায়েদা সদস্য প্রাণ হারিয়েছে। আল কায়েদার দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা আয়মান আল জাওয়াহিরি ছিলেন এবারকার হামলার লক্ষ্যবস্তু।
কিন্তু আয়মান আল জাওয়াহিরি এ হামলায় নিহত হয়েছেন কি না সে ব্যাপারে নিশ্চিৎ ভাবে কিছু জানা যায়নি।তবে নিহত ১৮ জনের মধ্যে অন্তত: পাঁচজন আল কায়েদার প্রথমসারির নেতা।
পেন্টাগন এ ধরনের কোন হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও স্থানীয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মার্কিন বাহিনী তাদের বিমান থেকে উপুর্যপরি ক্ষেপনাস্ত্র হামলা চালায়।এছাড়া আফগান সীমান্তের কাছে পাকিস্তানী এক গ্রামে পরিচালিত হামলাটিতে কমপক্ষে ১৪ জনের মৃত্যুর সত্যতাও স্বীকার করেছে সূত্রগুলো।
এদিকে এলাকাবাসীর অনুমান ক্ষেপণাস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান থেকে ছোঁড়া হয়েছিল।আফগান এবং মার্কিন সেনা সম্বলিত যৌথ বাহিনী এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে অশান্ত সীমান্তের দোহাই দিয়ে এ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে মূলত: তালেবানরাই। এরই জের ধরে গত সপ্তাহে ওয়াজিরিস্থানে দু’দেশের মধ্যে গোলাগুলিতে ৮জনের প্রাণহানি ঘটার ঘটনা অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
২০০১ সালে তালেবান বাহিনী পরাজিত হলেও ওসামা বিন লাদেনের নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা জাওয়াহিরি গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। দুই কোটি পঞ্চাশ লক্ষ ডলার পুরষ্কার ঘোষিত জাওয়াহিরি কে ইদানিং নানা ভিডিও টেপে সবচেয়ে বেশি উপস্থিত হতে দেখা যাচ্ছে।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এমন কোন অভিযানের ব্যাপারে কিছু জানে না বলে দাবি করলেও ,সম্ভবত: শুক্রবারের এ আক্রমণে অংশ নিয়েছিল সিআইএর মনুষ্যবিহীন প্রিডেটর যান যা থেকে একাধারে ১০ টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
উল্লেখ্য, রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিমি দূরে বাজাউর উপজাতি অধ্যুষিত ডামাডোলা এলাকায়এ হামলা চালানো হয়।
