দারফুরে শান্তিরক্ষী কর্মী নিহত
সুদানের সংঘর্ষকবলিত দারফুর অঞ্চলে গুলিবিদ্ধ হয়ে একজন আফ্রিকান শান্তিকর্মী নিহত হয়েছেন।
অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের আকস্মিক এ হামলায় আরো ১০ জন আহত হয়।
সুদান এ হামলার জন্যে পার্শ্ববর্তী দেশ চাদকে দায়ী করেছে। চাদ অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে প্রকৃত হামলাকারীর পরিচয় সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তবর্তী এ দু’টি দেশ- সুদান এবং চাদের মধ্যে বরাবরই তিক্ত সম্পর্ক বিরাজ করছে। সীমান্তে সংঘটিত যে কোনো ধরনের সন্ত্রাসী ঘটনার জন্যে তারা একে অপরকে দায়ী করে আসছে।
গত নভেম্বরে অনুরূপ এক হামলায় দারফুরে শান্তিকর্মী নিহত হওয়ার ঘটনা ঘটে।
সম্প্রতি সংঘর্ষকবলিত এ অঞ্চলের শান্তি রক্ষায় আফ্রিকান ইউনিয়ন ৬০০০ শান্তিরক্ষী কর্মী নিয়োগ করেছে।
আফ্রিকান ইউনিয়নের বরাত দিয়ে এ হামলার ব্যাপারে বলা হয়, হামলার সময় প্রায় ৩০ জন সেনেগালের শান্তিরক্ষী কর্মী পশ্চিম দারফুরের গিরজিরা গ্রামের কুলবাস থেকে একটি ট্রাকযোগে ত্রাণ সাহায্য নিয়ে অন্য একটি গ্রামে যাচ্ছিল।
চলতি মাসে সুদানের রাজধানী খারতুমে আফ্রিকান ইউনিয়নের নেতাদের এক জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ অঞ্চলের শান্তি রক্ষায় আফ্রিকান নেতাদের কাছ থেকে এবার কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।
