জন রবার্টস যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে জন রবার্টস যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পছন্দের প্রার্থী রবার্টস এর আগে সিনেটে ৭৮-২২ ভোটে এই পদের জন্য মনোনীত হন।
প্রধান বিচারপতি উইলিয়াম রেনকোইস্ট-এর মৃত্যুর পর জন রবার্টকে এ পদের জন্য মনোনীত করা হয়।
আপীল আদালতের সাবেক আইনজীবী এবং বিচারক রবার্ট আমেরিকার ইতিহাসে গত দু’শতকের মধ্যে সবচে’ কনিষ্ঠ প্রধান বিচারপতি। রক্ষণশীল দৃষ্টিভঙ্গীর ক্যাথলিক জন রবার্ট (৫০) ৫৫ জন রিপাবলিকানদের সমর্থনের পাশাপাশি অর্ধেক ডেমোক্র্যাটদের সমথর্নও পেয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রবার্টের পাশে দাঁড়িয়ে বুশ বলেন, সিনেট একজন বিচক্ষণ মানুষকে নির্বাচিত করেছে। সকল আমেরিকান নিশ্চিত হতে পারেন যে যুক্তরাষ্ট্রের ১৭তম প্রধান বিচারপতি তার বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দূরদর্শী, বিচার সংক্রান্ত স্বাধীনতা রক্ষায় দৃঢ়, এবং সর্বোপরি সংবিধানের দায়িত্ববান অভিভাবক হবেন।
জন রবার্ট প্রেসিডেন্ট বুশ এবং সিনেটরদের ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রের সংবিধান সমর্থন ও রক্ষায় তার শপথ পুনর্ব্যক্ত করেন।
রবার্টের নিয়োগ নিশ্চিত হবার পর এবার সবার মনযোগ নিবদ্ধ হবে অবসর নেওয়া বিচারপতি সান্দ্রা ওকনোর-এর শূন্যপদ পূরণের দিকে। প্রেসিডেন্ট বুশ অচিরেই এজন্য একজন বিচারককে মনোনীত করবেন বলে জানা গেছে।
