উত্তর কোরিয়া পারমাণবিক ইস্যু নিয়ে ৬ জাতির আলোচনা শুরুর পথে
ছয় সপ্তাহের বিরতির পর উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যু নিয়ে ছয় জাতির আলোচনা চীনের রাজধানী বেইজিংয়ে আবার শুরু হতে যাচ্ছে।
পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়াকে রাজি করাতে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।
বেশ কিছু ইস্যুতে মতানৈক্যের কারণে আগস্টে শুরু হওয়া ছয় জাতির চতুর্থ রাউন্ডের আলোচনা সর্বসম্মতিক্রমে সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রেক্ষিতে উত্তর কোরিয়া এককভাবে বৈঠক পিছিয়ে দেয়। অবশ্য উত্তর কোরিয়ার এ ধরনের সিদ্ধান্তে ছয় জাতির বাকি দেশগুলো ততটা বিরূপ প্রতিক্রিয়া জানায়নি।
দুই মার্কিন কংগ্রেস সদস্য ডেমোক্র্যাট টম ল্যান্টোস ও রিপাবলিকান জিম লিচের পিয়ংইয়ং সফরের পরপরই ছয় জাতির এ আলোচনা শুরু হতে যাচ্ছে।
পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের আগে পিয়ংইয়ং নিরাপত্তা, অর্থনৈতিক নিশ্চয়তা, মার্কিন বৈরি নীতির অবসান, মার্কিন-উত্তর কোরিয় যুদ্ধ বিরতি চুক্তিকে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির মর্যাদা চায়। অপরদিকে ওয়াশিংটন জানিয়েছে, সব কিছুর আগে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে।
