আইএমএফ থেকে জিম্বাবুয়েকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্থার সদস্য পদ থেকে জিম্বাবুয়েকে বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
২০০১ সালের ফেব্রুয়ারিতে আইএমএফ-এর কাছ থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণের বিপরীতে সুদ দিতে ব্যর্থ হওয়ায় জিম্বাবুয়েকে সদস্যপদ থেকে বহিষ্কারের প্রশ্নটি আসে।
তবে আগামী ছয় মাসের মধ্যে বহিষ্কারের ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।
এতে করে জিম্বাবুয়ে আইএমএফ-এর সাথে সম্পর্কন্নোয়নের সুযোগ পাবে বলে আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে।
গত মাসে জিম্বাবুয়ে ১২০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করলেও আরও ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অপরিশোধিত রয়েছে।
আইএমএফ-এর নির্বাহী বোর্ড জানায়, আংশিক ঋণ পরিশোধের কারণে আইএমএফ তাদের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে। তাছাড়া এ বছর পরিবর্তিত মূল্যহার এবং আর্থিক ক্ষেত্র অর্থাৎ, তেলের মূল্য বৃদ্ধি এবং প্রধান খাদ্যশস্য ও জ্বালানি রপ্তানীর ব্যাপারে জিম্বাবুয়ে সরকারের নীতি গ্রহণের কারণেও আইএমএফ তাদের সময়সীমা কিছুটা পিছিয়েছে।
অর্থনৈতিক মন্দা, বেকারত্বের হার বৃদ্ধি, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং খাদ্য ও জ্বালানি স্বল্পতা দেশটির প্রধান সমস্যা হিসেবে বিবেচিত।
এদিকে শুক্রবার জিম্বাবুয়ের গৃহীত নতুন নীতিমালা পর্যবেক্ষণ শেষে আইএমএফ-এর প্রতিনিধি হারারে থেকে ওয়াশিংটন ফিরে গেছেন।
আইএমএফ-এর সদস্যপদ থেকে জিম্বাবুয়েকে বহিষ্কার করা হলে ভবিষ্যতে আইএমএফসহ বেসরকারি এবং পাবলিক যে কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে সমস্যায় পড়বে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের রাষ্ট্রীয় রেডিও জানায়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জিডিয়ন গোনো সদস্যপদ বহিষ্কার এড়াতে যুক্তরাজ্য, আফ্রিকা, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তাদের সাথে ১১ ঘন্টা বৈঠক করেছেন।
জিম্বাবুয়ের অর্থমন্ত্রী হার্বাট মুরেরবাও দক্ষিণ আফ্রিকার বিজনেস ডে পত্রিকায় প্রকাশিত আইএমএফের সভায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের চেক প্রদান করবেন এমন প্রতিবেদন অস্বীকার করেছেন।
তিনি এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেন, ইতোমধ্যে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ পরিশোধ করা হয়েছে। এ মুহূর্তে আর কোন ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
