ইসরাইলের সাথে আলোচনায় মোশাররফের সমর্থন
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ শনিবার ইসরাইলের সঙ্গে তার সরকারের আলোচনাকে সমর্থন করে বলেছেন, এটা ইসলামের বিশ্বাসের বিরুদ্ধ নয়। তিনি বলেন, ইসলাম তার অসুসারীদের ভিন্ন বিশ্বাসের মানুষের সাথে অলোচনার অনুমোদন দিয়েছে।
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী সিলভান শ্যালমের সাথে ইস্তাম্বুলে সাক্ষাৎ করেন। এই দু’ দেশের মধ্যে এটাই এ যাবৎকালে সরকারিভাবে স্বীকৃত উচ্চ পর্যায়ের বৈঠক।
শনিবার পররাষ্ট্র মন্ত্রী কাসুরির সাথে আলাপকালে পারভেজ মোশাররফ বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং শত শত বছর ধরে এটা অন্যান্য ধর্মবিশ্বাসের সাথে শান্তি ও সামঞ্জস্য বজায় রেখে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মোশাররফ তার দেশের অবস্থান পুণর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
একই সঙ্গে বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছেন, আলাপ আলোচনার পর চরম জাতীয় স্বার্থে পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গত মাসে অধিকৃত গাজা ভূখন্ড থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান সরকার এই আলোচনার সিদ্ধান্ত নেয়। মোশাররফ এবং শওকত আজিজ দু‘জনেই বলেছেন, ফিলিস্তিন বিতর্কের মীমাংসার জন্য পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে চেয়েছে।
ইসরাইলের সাথে আলোচনা ফিলিস্তিনি স্বার্থের কঠোর সমর্থক পাকিস্তানের জন্য একটি উচ্চ মাত্রার স্পর্শকাতর বিষয়।
ইসরাইলের স্বীকৃতি নিয়ে জাতীয় বিতর্কের আহবান করলে অতীতে পারভেজ মোশাররফ কট্টর ইসলামপন্থীদের তিক্ত বিরোধিতার শিকার হয়েছেন।
