লন্ডন বোমা হামলাকারীর ভিডিওচিত্রটি পাকিস্তানে ধারণ করা হয়েছে
লন্ডনে বোমা হামলার দায়িত্ব স্বীকার করে সম্প্রতি আরবভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল--জাজিরায় প্রচারিত হামলাকারীর ভিডিওচিত্রটি পাকিস্তানে ধারণ করা হয়েছে। এম১৫ তদন্তকারী দলের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
সানডে টেলিগ্রাফের প্রতিবেদনে হোয়াইটহলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সিকিউরিটি সার্ভিস অনুসন্ধান করে দেখেছে যে, সিদ্দিক খান (৩০), অপর হামলাকারী শেহজাদ তানভিরকে (২২) নিয়ে তিন মাসের জন্য পাকিস্তান সফরে গেলে এই ভিডিওচিত্র ধারণ করা হয়।
ব্রিটিশ অনুসন্ধানকারীরা সিকিউরিটি সার্ভিসের সাথে পাকিস্তানের কোথায় ভিডিওচিত্রটি ধারণ করা হয়েছে সেটিও খুঁজে দেখছে। তবে তারা ধারণা করছে সন্ত্রাসের লালনভূমি বলে পরিচিত ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিন্ডিতে সম্ভবত এটি ধারণ করা হয়েছে।
ভিডিওর বাকি অংশে তানভিরের সাথে সিদ্দিক খানের ছবি ভিডিও করা রয়েছে বলে তিনি ওই ভিডিও টেপে জানিয়েছেন। ভিডিও টেপের দ্বিতীয় অংশটি সে এখনও আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়নি।
সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তানভিরের মামা বলেছেন, ফেব্র“য়ারিতে ব্রিটেনে ফিরে আসার আগে তানভির ও সিদ্দিক খান পাকিস্তানে দীর্ঘ সময় অতিবাহিত করে। এ সময় যখনই খান তানভিরের কাছে আসত, তখনই তারা সারা রাত ধরে কথাবার্তা বলত।
তিনি আরও বলেন, তানভির খানের সাথে তার গ্রামের বাড়ি ফয়সালাবাদের সামুদ্রানে বেড়াতে যায়। দু’বারই সেখানে বেড়াতে যাওয়ার সময় সে রাওয়ালপিন্ডিতে বাড়িতে খানের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে গিয়েছিল।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সাত মাইল দূরে অবস্থিত রাওয়ালপিন্ডি ইসলামি জঙ্গিদের আস্তানা বলে পরিচিত। ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত আল--কায়দার সন্দেহভাজন তৃতীয় কমান্ডার শেখ মোহাম্মদকে দু’ বছর আগে এখান থেকে আটক করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, আল--কায়দার পরিকল্পনাতেই লন্ডনে বোমা হামলা হয়েছে। এমনকি খানের ভিডিওচিত্রে পেছনের দেওয়ালে ব্যবহৃত কাপড়টিও আল--কায়দার পরিচয় বহন করে। কেননা আল--কায়দার যে কোন ভিডিও চিত্রে একই কাপড় ব্যবহার করে থাকে।
এদিকে ব্রিটেনে বোমা হামলার আগে পরিকল্পনাটি চূড়ান্তভাবে বুঝে নিতে খানের পাকিস্তান সফরের বিষয়টি খতিয়ে দেখছে ব্রিটেনের এম১৫ অনুসন্ধানকারী দল। সিকিউরিটি সার্ভিসও মনে করছে, সম্ভবত আফগানিস্তানের ট্রেনিং ক্যাম্পেও খান প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে।
