২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বে’র মার্কিন কারাগারে বন্দিদের অনশন

কিউবার গুয়ান্তানামো বে’র কুখ্যাত মার্কিন বন্দি শিবিরের বন্দিরা অনশন শুরু করেছে। মানবাধিকার আইনজীবীরা এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বন্দিরা শিগগিরই বিচারের সম্মুখীন অথবা মুক্তি পেতে পারে বলে জানা গেছে। তাদের অনেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও কয়েক বছর ধরে তারা সেখানে বিনা বিচারে আটক রয়েছেন।

বন্দিদের আইনজীবীরা বলছেন, কমপক্ষে ২০০ বন্দি খাবার গ্রহণ করতে অসম্মতি জানিয়েছে। তবে কারাগারের সামরিক কর্তৃপক্ষ অনশনকারীদের সংখ্যা ৭৬ বলে জানিয়েছে।

এর আগে জুলাই মাসেও বন্দিরা অনশন করেছিল। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বন্দিদের সাথে আলোচনায় বসতে রাজি হওয়ায় অনশনকারীরা অনশন ভঙ্গ করেছিল।

তবে সামরিক কর্তৃপক্ষ তার প্রতিশ্র“তি অনুযায়ী আলোচনায় না বসায় বন্দিরা এখন আবার নতুন করে অনশন শুরু করেছে। এমনিতেই কারাগারের সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যাপক বন্দি নির্যাতনের অভিযোগ রয়েছে।

আইনজীবীরা বলছেন, অনশনের মাধ্যমে মৃত্যুবরণ করতে যাচ্ছে এমন একটি উইল অনশনকারীদের একজন অনশন শুরুর আগেই করেছে।

নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের গীতাঞ্জলী গুতিইরেজ জানান, বৈধ ও পর্যাপ্ত আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিচারের বিষয়টি পেন্টাগন অস্বীকার করায় তারা অনশন শুরু করেছে। মানবাধিকার সংগঠনটি গুয়ান্তানামোর পাঁচ শতাধিক বন্দিকে আইনী সহায়তা দিয়ে থাকে।

তিনি বলেন, পেন্টাগনের অনমনীয় নীতির কারণে বাধ্য হয়ে তারা অনশনের পথ বেছে নিয়েছে। সুবিচারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অনশনকারীরা আমৃত্যু অনশন চালিয়ে যাবে বলে  জানিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, মাত্র ৭৬ জন বন্দি খাবার গ্রহণ করতে অসম্মতি জানিয়েছে। ২০০ জন বন্দি অনশন করছে বলে আইনজীবীরা যে দাবি করেছে, তা সঠিক নয়। তবে কখন অনশন প্রতিবাদ শুরু হয়েছে সে ব্যাপারে তারা কিছু জানায়নি।