ইরাকে মর্টার হামলা ও পদদলিত হয়ে ৭ শতাধিক নিহত, নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে
বাগদাদের শিয়া সম্প্রদায়ের একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ মর্টার হামলার পর পদদলিত হয়ে ও টাইগ্রিস নদীতে ডুবে নারী ও শিশুসহ সাড়ে সাত শতাধিক লোক নিহত হয়েছে লোক নিহত হয়েছে। ইরাকি পুলিশ ও হাসপাতাল সূত্র মর্মান্তিক এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
গত এপ্রিলে সাদ্দাম হোসেন মতাচ্যুত হওয়ার পর এ ঘটনাতে একসাথে এত বেশি লোক নিহত হল। মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফরিকে উদ্ধৃত করে ইরাকের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
হাজার হাজার শিয়া ধর্মাবলম্বীরা মুসা আল খাদেম-এর মৃত্যুবার্ষিকী পালন করতে তার মাজারে সমবেত হলে বিদ্রোহীরা পর পর তিনটি মর্টার হামলা চালায়।
ইরাকের টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, মুসা আল খাদেমের মৃত্যু বার্ষিকীতে বাগদাদের খাজিমিয়া জেলায় প্রায় পাঁচ লাখ লোক সমবেত হয়।
ইরাকি পুলিশ জানায়, সপ্তম ইমাম মুসা কাজিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উত্তর ইরাকের টাইগ্রিস নদীর পাড়ে খাদিমিয়া মাজারে বুধবার সকাল থেকেই হাজার হাজার শিয়া সম্প্রদায় অংশ নেয়। ধর্মীয় অনুষ্ঠানে তিনটি মর্টার হামলার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাতজন নিহত হয়। এর পরই অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তীর্থযাত্রীরা ছোটাছুটি করতে থাকে। এ সময় টাইগ্রিস নদীর ব্রিজ থেকে নিচে লাফ দেয় এবং তাড়াহুড়া করে ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে মারা যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরাকের এক নিরাপত্তা কর্মী জানিয়েছেন, বিভিন্ন হাসপাতাল সূত্রে এ পর্যন্ত ৬৩৭টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে এবং হাসপাতাগুলোতে আরও ২৩৮ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী সূত্র জানিয়েছে মাজারে সন্দেহভাজন মর্টার হামলাকারীদের অবস্থানের উপর হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং ঘটনাস্থলে পদাতিক বাহিনী প্রেরণ করা হয়েছে। অন্তত ডজনখানেক ব্যক্তিকে এ ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে।
ইরাকি বাহিনীর এক কর্মকর্তা জানান, মর্টার হামলার পর নারী ও শিশুদের চিৎকার ও কান্নায় বাগদাদের বাতাস ভারী হয়ে ওঠে। ঘটনার পর নিহতদের স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সূচনা হয়। অনেককেই তাদের প্রিয় স্বজনদের খোঁজে হাসপাতালে ছুটে যেতে দেখা যায়।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা হতাহতদের সঠিক পরিসংখ্যান হারিয়ে ফেলেছি, আমাদের জানামতে শতশত লোক হতাহত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, হামলায় কতজন নিহত হয়েছে সে সম্পর্কে কোন সঠিক তথ্য নেই। এখনও অনেক মৃতদেহ নদীতে ভাসছে এবং প্রতিনিয়তই মৃতের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। বাগদাদের হাসপাতালগুলোতে তিল ধারনের ঠাঁই নেই। অনেক মৃতদেহ এবং আহত আনেকেই হাসপাতালের করিডোর ও বাইরের আঙ্গিনায় অবস্থান করছে।
মঙ্গলবার সিরিয়া সীমান্তের কাছে সন্দেহভাজন আল-কায়দা গেরিলাদের বিরুদ্ধে মার্কি কিমান হামলার ঠিক একদিন পর এ ঘটনা ঘটল।
এছাড়া ইরাকের সংবিধান নিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে মতদ্বৈততা চলে আসছে।
