কানাডাতে পকিস্তানী ও ভারতীয়রা যৌথভাবে তাদের স্বাধীনতা দিবস পালন করবে
পাক-ভারতের মধ্যে সুসর্ম্পক উত্তরোত্তর বৃদ্ধি ও শান্তি প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে কানাডায় বসবাসরত দু’দেশের প্রবাসী নাগরিকরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।
ব্রিটিশ উপনিবেশ খেকে ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করলেও কানাডার নর্থ ইর্য়ক সিটি সেন্টারে ১২ আগস্ট শুক্রবার প্রবাসীরা একত্রে স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
দু’দেশের নাগরিকদের নিয়ে গঠিত কানাডার দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ এবং দক্ষিণ এশিয়া সহায়তা কেন্দ্র (এসএএসসি) কর্তৃক যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারী প্রতিনিধি, কূটনৈতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং পেশাজীবী শ্রেণীর সম্মানিত অতিথিরা অংশ নিবেন। মিস ইন্ডিয়া-কানাডা এবং মিস পাকিস্তান-কানাডা আমন্ত্রিত অতিথিদের স্বাগত অভ্যর্থনা জানাবেন। পাকিস্তান এবং ভারতের শিল্পী কলা-কুশলীরাও যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
