৩ দিন পর আটকে পড়া রুশ সাবমেরিন ও নাবিক উদ্ধার
প্রশান্ত মহাসাগরের তলদেশে তিনদিন ধরে আটকে থাকা সাত নাবিকসহ রাশিয়ার মিনি সাবমেরিন ‘প্রিজ’-কে উদ্ধারকর্মীরা উপরে টেনে আনতে সক্ষম হয়েছে।
সাবমেরিনে অতি নিু তাপমাত্রা এবং অক্সিজেনের অভাবে নাবিকদের বেঁচে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছিল। কিন্ত এখন সবাই সুস্থ আছে এবং নিরাপদে সাবমেরিন থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। সাবমেরিনটি ৬২০ ফুট নিচে সমুদ্রতলের উপকূলীয় পর্যবেক্ষণ এন্টেনায় এবং মাছ ধরার জালে আটকে পড়েছিল।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন রোবট ও বিভিন্ন উদ্ধার উপকরণ বহনকারী জাহাজ নিয়ে উদ্ধারকার্যে অংশ নিয়েছিল। পানির নিচে চলাচলকারী ব্রিটিশ রোবট সাবমেরিনটিকে আটকে রাখা মাছ ধরার জাল সরাতে সাহায্য করে।
আটকে পড়া প্রিজ মিনি সাবমেরিনটিও একটি উদ্ধার যান। প্রশিক্ষণের সময় সেটি আটকে যায়।উদ্ধারকাজে অংশ নিতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর একটি সি-১৭ পরিবহন বিমানে করে পুলিশ ও নৌবাহিনীর ২৯ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে। আমেরিকার গভীর সমুদ্রযানও উদ্ধার কাজে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়ার নৌসীমানায় কোনও মার্কিন সামরিক যান প্রবেশের সুযোগ পেল।
পাঁচ বছর আগে কুরস্ক নামে রাশিয়ার একটি সাবমেরিন ১১৮ জনকে নিয়ে সমুদ্র তলদেশে তলিয়ে যায় এবং দীর্ঘদিন চেষ্টার পর আন্তর্জাতিক সাহায্য না নেয়ার ফলে যাত্রীদের কাউকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়নি।
