গ্যারাংয়ের মৃত্যুর ঘটনায় রাজধানী খার্তুমে রক্তক্ষয়ী দাঙ্গায় নিহত ৪০, প্রথম লিড
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সুদানের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা ড. জন গ্যারাংয়ের নিহত হওয়ার প্রেক্ষিতে রাজধানী খার্তুমে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। দাঙ্গায় হতাহতের সঠিক চিত্র পাওয়া না গেলেও কমপক্ষে ৪০জন নিহত ও বহু আহত হয়েছে বলে খার্তুম প্রদেশের গভর্নর জানিয়েছেন।
দাঙ্গা শুরু হওয়ার ফলে আফ্রিকার সবচেয়ে দীর্ঘ গৃহযুদ্ধের অবসানে জানুয়ারিতে দেশটির উত্তর ও দক্ষিণের মধ্যে যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছিল, তা এখন হুমকির সম্মুখীন।
শনিবার হেলিকপ্টার দুর্ঘটনায় গ্যারাংয়ের মৃত্যুর খবর সোমবার প্রেসিডেন্ট ওমর আল--বশির টিভিতে এক সাক্ষাৎকারে নিশ্চিত করার পর থেকেই হাজার হাজার রাজধানীবাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে খার্তুমে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটলে কর্তৃপক্ষ সকাল--সন্ধ্যা কারফিউ জারি করে।
রাষ্ট্র--নিয়ন্ত্রিত টিভিতে এক বিবৃতিতে খার্তুমের গভর্নর আব্দেল হালিম আল--মুত্তাফি জানান, সহিংসতায় কমপক্ষে ৪০জন নিহত ও আরো বহু আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় গুলির আওয়াজ শোনা গেছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। অনেককেই মাটিতে লুটিয়ে থাকতে দেখা গেছে। তাদের ভাষায়, সম্ভবত তারা নিহত হয়েছে।
খার্তুমে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক জানান, রাজপথের যেখানে গাড়ি পোড়ানো হয়েছে, সেখানেই বেশ কিছু লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। জন সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সকাল--সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।
এদিকে গ্যারাংকে হত্যা করা হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, তাকে অস্বীকার করেছে গ্যারাংয়ের রাজনৈতিক দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট। রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশনের এক বিবৃতিতে তারা গ্যারাংয়ের নিহত হওয়াকে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে।
গ্যারাং ও অপর ১৩ আরোহী নিয়ে শনিবার উগান্ডার থেকে হেলিকপ্টারে করে ফেরার পথে হেলিকপ্টারটি দক্ষিণ সুদানের ইস্টার্ন ইকুইটোরিয়াল প্রদেশে বিধ্বস্ত হয়।
জানুয়ারিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ সুদান ও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ উত্তর সুদানের মধ্যে ২১ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানে স্বাক্ষরিত শান্তিচুক্তির অগ্রগতি নিয়ে উগান্ডার প্রেসিডেন্ট ইউয়িরি মুসেভিনি ও অন্যান্য ইইউ কর্মকর্তার সাথে আলোচনা করতে উগান্ডা গিয়েছিলেন। প্রায় দুই দশকের গৃহযুদ্ধে কমপক্ষে ২০ লাখ লোকের প্রাণহানি ঘটেছে । তার মৃত্যুতে শান্তি চুক্তি যে হুমকির মুখে চলতি দাঙ্গা তারই প্রমাণ।
