২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড গরমে কিডনিতে পাথর আক্রান্ত হওয়ার ঝুঁকি

গ্রীষ্মের প্রচন্ড তাপের মধ্যে যারা বাইরে দীর্ঘকালীন কাজ করেন, তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমেরিকান ফাউন্ডেশন ফর ইউরোলজিক ডিজিজের (এএফইউডি) বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বিশেষজ্ঞরা জানান, গ্রীষ্মের অত্যাধিক গরম আবহাওয়াই এর কারণ। বেশি বেশি ঘামা ও কম পানি পান করার কারণে ব্যক্তির দেহ পানিশূণ্য হয়ে যায়। এর চাপ গিয়ে পড়ে প্রস্রাব সৃষ্টিকারী অন্যান্য উপাদানের উপর। এই উপাদানগুলো কিডনিতে জমে পাথরে রূপান্তরিত হয়।

গরম আবহাওয়ায় যারা বাইরে কাজ করেন ও কম পানি অথবা তরল খাবার গ্রহণ করেন, তাদের কিডনিতে পাথর জন্ম নেয়ার ঝুঁকি বেশি।

তবে পানিশূণ্যতাই কিডনিতে পাথর সৃষ্টির একমাত্র কারণ নয়। প্রস্রাব নালীতে ইনফেকশন, বিছানায় একটানা বিশ্রাম গ্রহণ, একটানা কয়েক সপ্তাহ কর্মহীন, ক্যালসিয়াম অক্সালেটসমৃদ্ধ খাবার বেশি গ্রহণ ও অন্যান্য কিছু রোগের কারণে কিডনিতে পাথর জন্মাতে পারে।

কিডনিতে পাথর সৃষ্টির জন্য আরও অনেক কারণই দায়ী। আর তার প্রভাবটাও বছরের যে কোন সময় অনুভূত হতে পারে। তবে গ্রীষ্মকালে কিডনিতে পাথর জন্ম নেয়ার সম্ভাবনা অনেক বেশি বলে গবেষকরা জানিয়েছেন।

কিডনিতে পাথর জন্ম প্রতিরোধে কিডনি ফাউন্ডেশন অব কানাডা বেশ কিছু উপায়ের কথা বলেছে। প্রচুর পানি ও তরল খাবার পান করলে কিডনিতে পাথর জন্ম নেয়ার ঝুঁকি সবচেয়ে বেশি রোধ করা যায়। তাদের বক্তব্য, দিনের প্রতিটি ঘন্টায় এক গ্লাস করে পানি পান করা, রাতে ঘুম ভেঙ্গে গেলেই পানি পান করা দরকার। আর ব্যায়াম ও খাবার খাওয়ার পর পানি খাওয়াটা খুব বেশি জরুরি।