২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টার দুর্ঘটনায় সুদানের ভাইস প্রেসিডেন্ট গ্যারাং নিহত

সুদানের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা জন গ্যারাং এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। সুদান ও উগান্ডার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

উগান্ডা ও সুদানের সরকারি কর্মকর্তারা জানান, ৬০ বছর বয়স্ক সাবেক বিদ্রোহী নেতা গ্যারাং শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে উগান্ডা থেকে যাত্রা করেন। তার পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার সাথে দেশ দুটির সরকারি কর্মকর্তাদের সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সুদানের দুই দশকব্যাপী গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে গৃহীত শান্তি সমঝোতার অংশ হিসেবে তিন সপ্তাহ আগে গ্যারাং দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইউয়িরি মুসেভিনি সোমবার জানান, গ্যারাংকে বহনকারী হেলিকপ্টারটি দক্ষিণ সুদানের নিউ কুশ এলাকায় অবতরণের চেষ্টা চালালেও খারাপ আবহাওয়ার কারণে অবতরণে ব্যর্থ হয়। তারপর সেটি দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করে। হেলিকপ্টারটি কেনিয়া - সুদান সীমান্তের পিররি এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান। উদ্ধার তৎপরতার ব্যাপারে কেনীয় সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

গ্যারাংয়ের অনুপস্থিতি সুদানের উত্তরাঞ্চলীয় মুসলিম ও চিরশত্র“ দক্ষিণাঞ্চলের খ্রিস্টানদের মধ্যে জানুয়ারিতে স্বাক্ষরিত শান্তিচুক্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দেবে। মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে ২১ বছরের গৃহযুদ্ধের কারণে কমপক্ষে ২০ লাখ লোক প্রাণ হারিয়েছে।

আবহাওয়ার রিপোর্ট থেকে জানা যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে ওই অঞ্চলে সে সময় বৃষ্টি হচ্ছিল।

তবে গ্যারাংয়ের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বেশ কয়েক রকমের ভাষ্য পাওয়া গেছে। সুদানের রাষ্ট্র - নিয়ন্ত্রিত টেলিভিশন রোববার গ্যারাংয়ের হেলিকপ্টারের নিরাপদে অবতরণের খবর জানানোর কয়েক ঘন্টা পর যোগাযোগ মন্ত্রী আব্দেল বাসিত সাবদারাত তা অস্বীকার করেন।