মুম্বাইয়ে সুনামি আতঙ্ক ছড়ানোর অভিযোগে ১০জন গ্রেফতার: পদদলিত হয়ে নিহত ১৮, আহত ২১
মুম্বাইয়ে সুনামির মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করেছে। গুজব ছড়িয়ে পড়ায় পদদলিত হয়ে নগরীর ১৮ জন মারা যায় এবং ২১ জনেরও বেশি আহত হয়।
‘নগর রক্ষাকারী বাদলাপুর বাঁধ ভেঙ্গে গেছে’, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই সান্তাক্রুজের কালিনায় পোয়াই বাঁধ ভেঙ্গে গেছে বলেও গুজব ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা সাতটার দিকে সমুদ্র সৈকতে সুনামি আঘাত হেনেছে, এই গুজব ছড়িড়ে পড়লে লোকজর ছুটাছুটি শুরু করে।
এই গুজব ডালপালা ছড়িয়ে জুহুতে পৌঁছা মাত্রই মানুষজন শহর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে জড়ো হতে থাকে।
কিন্তু সবচেয়ে মারাত্মক অবস্থা ধারণ করে জুহু’র নিকটবর্তী একটি বস্তি কলোনী নেহেরু নগরে। এ সময়ে রাত দশটার দিকে সুনামি গুজবে মানুষজন ছুটাছুটি শুরু করলে পদদলিত হয়ে ১৮ জন মারা যায়।
পুলিশ কমিশনার এ এন রায় জানান, সুনামি আসছে শুনে বেশ কিছু মানুষ ভয় পেযে যায় এবং আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকে। সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় মানুষের মনে গুজব সম্পর্কে ধারণা বদ্ধমূল হয়।
উদ্বিগ্ন আত্মীয় স্বজনরা তাদের প্রিয়জনদের জীবন বাঁচাতে তাদেরকে জুহু’র কুপার হাসপাতালে নিয়ে যায়।
‘চিড়িয়াখানার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে’ প্রথমে চারজন এই গুজব ছড়ায়। এ সময়ে লোকজন ছুটতে শুরু করলে ভীড়ের মধ্যে একজন আরেকজনের ওপর পড়ে যায়। বিশেষ করে শিশুরা বড়দের নিচে পড়ে যায়।
মসজিদের মাইকে বিষয়টি গুজব বলে ঘোষণা দেওয়া হলেও লোকজনের ছুটাছুটি ও কান্না থামে নি। তারা মনে করে সাগরের পানি সব কিছু ছাপিয়ে আসছে এবং তাদের মৃত্যু অবশ্যম্ভ্যবী।
মূখ্যমন্ত্রী আর আর পাতিল বৃহস্পতিবার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই এলাকা পরিদর্শন করেন। তবে, স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসন মানুষের আতঙ্ক দূর করতে কেন আরও আগে ব্যবস্থা নিল না।
