চাঁদে ভ্রমণের জন্যে রাশিয়ার ১০ কোটি ডলারের ট্রিপ
চাঁদের দেশে ভ্রমণের জন্যে ১০ কোটি ডলারের ভ্রমণ ট্রিপ চালুর কথা জানিয়েছেন রাশিয়ার একজন মহাকাশ কর্মকর্তা।
রাশিয়ার এনার্জিয়া কোম্পানি ফেডারেল স্পেস এজেন্সিকে মস্কোর মহাকাশ পরিকল্পনায় এ ধরনের উদ্যোগ গ্রহণ ও নিমার্ণে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
মহাকাশ পরিভ্রমণের উড্ডয়নস্থল হবে কাজাকিস্তানের বাইকোনার। সুয়েজ রকেটে করে এই চাঁদ ভ্রমণে প্রথম এক সপ্তাহ কাটবে মহাশূন্যে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে (আইএসএস)। তারপর সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আগে বাকি দিনগুলো চাঁদের চারপাশে ঘুরে কাটাবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রাশিয়ার স্পেস এজেন্সি অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে ইতোমধ্যে দু’জন ভ্রমণপিপাসু ব্যক্তিকে মহাশূন্যে পাঠিয়েছে। এক সপ্তাহের এ ট্রিপে সৌভাগ্যবান দুই ব্যক্তি র্ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ডেনিস টিটো এবং দক্ষিণ আফ্রিকার মার্ক শাটলওয়ার্থ। ওই ভ্রমণের টিকেটের মূল্য আগে দুই কোটি ডলার ছিল।
