চীনে আত্মহত্যার প্রবনতা বাড়ছেই
চীনে আত্মহত্যার প্রবনতা বেড়েই চলছে। দেশটির ২০ থেকে ৩৫ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা।
একটি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির এক বছরে দশ লাখ লোকের মধ্যে এক-চতুর্থাংশ অর্থাৎ প্রতিদিনে গড়ে ৬৮৫ জন লোক আত্মহত্যা করে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়ায় সোমবার এ তথ্য দেয়া হয়।
চীনের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে প্রতি বছর ২৫ লাখ থেকে ৩৫ লাখ লোক আত্মহত্যার চেষ্টা করে।
সমাজবিজ্ঞানীরা বলছেন, চীনের সমাজের দ্রুত পরিবর্তনশীলতার কারণেই তরুনদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপ থেকে তাদের মধ্যে হতাশার জন্ম নেয়। এই হতাশা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
রাজধানী বেইজিংয়ের মনোবিজ্ঞানী লিউ হং জানান, সমাজ চাপ ও প্রতিযোগিতায় পরিপূর্ণ। আর অভিজ্ঞতা না থাকার কারণে তরুনরা বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে ভয় পায়। এই ভয় থেকেই তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।
এ ব্যাপারে চীনের ১৫,৪৩১ জন লোকের উপর জরিপ পরিচালনা করা হয়। জরীপে অংশগ্রহণকারী শতকরা ৬০ জন বলেছেন, ২০ থেকে ৩০ বছর বয়সে কমপক্ষে দুই বছর তারা হতাশায় ভুগেছেন।
জনগণের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতার কারণে সরকারও সচেষ্ট হয়েছে। জনগণকে আত্মহত্যা থেকে দূরে রাখতে সরকার ২০০৩ সালের আগস্ট মাসে একটি আত্মহত্যা প্রতিরোধ হটলাইন খুলেছে। ২৪ ঘন্টা উন্মুক্ত হটলাইনের মাধ্যমে বিনামূল্যে হতাশাবাদীদের পরামর্শ দেয়া হয়।
বেইজিং আত্মহত্যা গবেষণা ও প্রতিরোধ কেন্দ্রের কার্যনির্বাহী পরিচালক মাইকেল ফিলিপস জানান, তারপর থেকে ২২০,০০০ জন লোক আত্মহত্যা প্রতিরোধ হটলাইনে ফোন করেছেন। তাদের মধ্যে দশ জনে মাত্র এক জন প্রথম পরামর্শেই হতাশা দূর করতে সক্ষম হয়েছেন।
মাইকেল ফিলিপস বলেন, দশ জনে এক জন হতাশা থেকে মুক্তি পাওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক। অধিকাংশ ফোনকারীরা হতাশাগ্রস্ত ও উদ্বিগ্ন। তারা যেকোন সময় আত্মহত্যা করতে পারে।
