২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে লন্ডন পুলিশ প্রধানের বৈঠক

লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ার ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 01:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

স্কটল্যান্ড ইয়ার্ডে সোমবার রাতে অনুষ্ঠিত বৈঠকে স্যার ইয়ান ব্লেয়ার মুসলিমদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।

লন্ডনের স্টকওয়েল পাতাল স্টেশনে শুক্রবার পুলিশের গুলিতে ব্রাজিলীয় নাগরিক জ্যঁ চার্লস ডি মেনেজেস নিহত হওয়ার প্রেক্ষিতে ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট উৎকণ্ঠার কারণেই ৪৫ নেতৃবৃন্দ নিরাপত্তার নিশ্চয়তা আদায়ের লক্ষ্যে সোমবার রাতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ইয়ানের সাথে বৈঠক করেন।

যদিও পুলিশের গুলিতে ব্রাজিলীয় নাগরিক মারা গেলেও, লন্ডনের ৭ জুলাই প্রথম দফার বোমা হামলার পিছনে জড়িত চার আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তান বংশোদ্ভূত মুসলিম হওয়ায় ব্রিটিশ মুসলিমরা যথেষ্ট চাপের মধ্যে আছেন। পরবর্তীতে ২১ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলার পিছনে মুসলিমদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। এর ফলে ব্রিটিশ মুসলিমদের নিরাপত্তা নিয়ে দারুন সংশয় দেখা দিয়েছে।

বৈঠকের পর লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার তারিক গফুর বলেন, ব্লেয়ার মুসলিম নেতৃবৃন্দদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করা গফুর হলেন এশীয়দের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

তারিক গফুর বলেন, তিনি (ব্লেয়ার) বলেছেন, সম্প্রদায়ের সবার সহযোগিতা নিয়ে আমরা সন্ত্রাস-বিরোধী লড়াই করতে চাই। লন্ডনে এখন যা ঘটছে সে ব্যাপারে তিনি নেতৃবৃন্দকে অবহিত করেন। পাশাপাশি পুলিশ কি ধরনের চাপের মুখে রয়েছে ও কি ধরনের সমস্যার মোকাবিলা করতে হচ্ছে সে ব্যাপারে ব্লেয়ার মিডিয়ার সাথে যা বলেছেন, নেতৃবৃন্দদের সেটাই অবহিত করেন।

তারিক আরও বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি কোন পার্থক্য থেকে থাকে, তা দূর করার মাধ্যমে সবাইকে সাথে নিয়ে ইতিবাচকভাবে কাজ করার ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন।

বৈঠকের পর ব্রিটিশ মুসলিম কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি মুহাম্মদ আব্দুল বারী বলেন, বৈঠকে পুলিশের ‘দেখা মাত্র গুলি’ করার নির্দেশের ব্যাপারটি উত্থাপন করেছেন। পুলিশকে দেয়া নির্দেশ অব্যাহত থাকবে বলেও ব্লেয়ার জানিয়েছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার কথা বলার সুযোগ পাওয়ার জন্য বারী বৈঠকটিকে কার্যকর বলে আখ্যায়িত করেছেন।