২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের কারাগারে ব্যাপক মানবাধিকার লংঘন: তেহরানের স্বীকারোক্তি

ইরানের ডানপন্থি বিচার বিভাগ দেশটির কারাগারে বন্দি নির্যাতনের মত ব্যাপক মানবাধিকার লংঘনের কথা স্বীকার করেছে। ইরান সরকারের বিরল স্বীকারোক্তি সম্পর্কিত প্রতিবেদন রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যমে রোববার প্রকাশিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 10:57 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রতিবেদনে বলা হয়, ইরানের কারাগারগুলোতে বন্দি নির্যাতনের উপর আরোপিত নিষেধাজ্ঞা কারারক্ষী ও কর্মকর্তারা প্রায়ই মেনে চলেন না। বেশ কিছু ব্যক্তিকে নির্দিষ্ট কোন অভিযোগের সাথে জড়িত থাকার প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করে পুলিশ তাদের আটক রেখেছে। এছাড়া সন্দেহভাজন অনেককেই বিভিন্ন কারাগারে আটক রাখার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

বিচার বিভাগের স্বীকারোক্তিটি প্রথমে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেতারে প্রচারিত হয়। পরে প্রতিবেদন আকারে তেহরানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় সংবাদ প্রতিবেদন হিসেবে প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের একটি তদন্তকারি দল ইরানের কারাগারে ব্যাপক মানবাধিকার লংঘনের প্রমাণ পেয়েছেন। এর মধ্যে একজনকে চোখ বেঁধে নির্যাতন, মুরগী চুরির অপরাধে ১৩ বছরের এক বালককে আটক ও স্বামী পলাতক থাকায় এক মহিলাকে আটক রাখার মত ঘটনাও রয়েছে। এছাড়া কোনও অভিযোগ ছাড়াই একজনকে ১৯৮৮ সাল থেকে আটক রাখা হয়েছে।

তদন্তকারী দলের প্রধান আব্বাস আলী আলীজাদিহ বলেন, বন্দিদের মানবাধিকার রক্ষা করা হচ্ছে কিনা-তদন্তকারী দলের এরকম প্রশ্নের ব্যাপারে ডানপন্থি রিভ্যুলুশনারী গার্ড পরিচালিত ডিটেনশন সেন্টারের কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি।

ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থার সমালোচনা করায় গত পাঁচ বছরে বেশ কিছু সংস্কারবাদী সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কমপক্ষে ১০০ গনতন্ত্রপন্থি প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে।

২০০৩ সালে ইরানের কারাগারে ইরানি বংশোদ্ভূত কানাডীয় সাংবাদিক জাহরা কাজিমির মৃত্যুর ঘটনায় বন্দি নির্যাতনের চিত্র পরিষ্কার হয়ে ওঠে। রাজধানী তেহরানের এক কারাগার থেকে বিদ্রোহীদের সরকার-বিরোধী আন্দোলনের ছবি তোলায় তাকে গ্রেপ্তার করা হয়। সংস্কারবাদীরা দাবি করেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ডানপন্থি সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছে।