বিন লাদেনের পক্ষে সাফাই গাওয়ায় হাওয়ার্ডের বিস্ময়
ওসামা বিন লাদেনের পক্ষে সাফাই গাওয়ায় মেলবোর্নের ইমাম শেখ মোহাম্মদ ওমরানের ওপর চটেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড।
সর্বশেষ সন্ত্রাসী হামলার ঘটনাকে নিন্দা না জানানোতে অস্ট্রেলিয়ার কয়েকজন ইসলামী ধর্মীয় নেতার তীব্র সমালোচনা করেছেন তিনি।
হাওয়ার্ড বলেন, কয়েকজন ধর্মীয় নেতার বক্তব্য উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য, তাদের এ ধরনের আচরণ কোনভাবেই মেনে নেয়া যায় না। বিশেষ করে “লাদেন খুবই ভাল লোক, লন্ডনে বোমা হামলার জন্য আমেরিকাই দায়ী”-শেখ মোহাম্মদ ওমরানের এ ধরনের বক্তব্য ছিল খুবই ঔদ্বত্যপূর্ণ।
হাওয়ার্ড লন্ডন সফরকালে বলেন, ব্রিটেনের কঠোর সন্ত্রাস দমন আইন কার্যকরি হলে তিনিও তা বিবেচনায় নিবেন। যারা ধর্ম শিক্ষা দেয়ার নামে সন্ত্রাসবাদকে উসকে দেয় তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
