বদমেজাজি আচরণ হৃদরোগীদের মৃত্যু ঘটাতে পারে
বদমেজাজি ও শত্রুভাবাপন্ন আচরণ মধ্য বয়সী হৃদরোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১,৩০০ জন হৃদরোগে আক্রান্ত পুরুষ ও মহিলার উপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখিয়েছেন, হৃদরোগে আক্রান্ত যুবক বয়সীদের মধ্যে যারা আচরণে বদমেজাজি ও শত্রুভাবাপন্ন, পরবর্তী ১৪ বছরের মধ্যে তাদের মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি।
নর্থ ক্যারোলিনার ডারহামে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ড. স্টিফেন এইচ বোয়েল ও তার সহকর্মীরা মিলে গবেষণাটি করেছেন। গবেষণালব্দ ফলাফল প্রতিবেদন আকারে আমেরিকান জার্নাল অব কার্ডিওলোজিতে প্রকাশিত হয়।
হৃদরোগীদের বদমেজাজি আচরণ কিভাবে মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত সে সম্পর্কে ড. বোয়েল বলেন, হৃদরোগীদের বদমেজাজি আচরণ সবচেয়ে বড় যে প্রভাবটা ফেলে তা হল, এটি রোগীর রক্তচাপ বৃদ্ধি করে। এছাড়া বদমেজাজের কারণে হরমোনের যে চাপ বৃদ্ধি পায়, তা শুধু কমবয়সীদের বেলায়ই দেখা দেয়।
বিষয়টি আরেকভাবে ব্যাখ্যা করেছেন বোয়েল। তিনি বলেন, ষাটোর্ধ হৃদরোগীরা সহজে রাগান্বিত না হওয়ার কারণে তাদের ঝুঁকি অনেক কম। তার ভাষায়, তাদের শারীরিক অবস্থা সহজে বদমেজাজি হতে সমর্থন করে না।
রাগ শরীরের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে, উচ্চ রক্তচাপ বাড়ায়। এছাড়া বদমেজাজি হৃদরোগীদের মধ্যে ডাক্তারের পরামর্শ অনুসরন না করার প্রবণতা থাকে। যেমন-ডাক্তার যদি ধূমপান করতে নিষেধ করেন, তাহলে তারা অনেকক্ষেত্রেই মেনে চলে না।
বোয়েলের মতে, বদমেজাজি লোকের সাধারণভাবেই অন্যের আচরণ সম্পর্কে সন্দিহান। এই সন্দেহের প্রবণতা থেকে তাদের মধ্যে অন্তঃদ্বন্দ্বের সূচনা হয় এবং এর ফলে অপরের সাথে তারা সহিংসতা অথবা দ্বন্দে জড়িয়ে পড়ে।
গবেষণায় দেখা গেছে, রাগ বাড়ার সাথে সাথে হৃদরোগীদের মৃত্যুর ঝুঁকিও বাড়তে থাকে।
তবে বোয়েল বলেছেন, যদিও আমাদের গবেষণালব্দ ফলাফলে দেখা গেছে, তরুনদের মধ্যেই ঝুঁকি বেশি। তার মানে এই নয় যে, ষাটোর্ধদের রাগ করলে কোন ক্ষতি হবে না।
