২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পুলিশের হাতে ব্রাজিল নাগরিককে হত্যার ব্যাখ্যা চেয়েছে ব্রাজিল

লন্ডন পাতাল স্টেশনে শুক্রবার ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত ব্রাজিলীয় নাগরিককে কেন হত্যা করা হয়েছে তার ব্যাখ্যা চেয়েছে ব্রাজিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 10:39 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

লন্ডন পুলিশ প্রথম জানিয়েছিল, বৃহস্পতিবার পাতাল রেলে বিস্ফোরণের ব্যর্থ পরিকল্পনার সাথে নিহত ব্যক্তির যোগসূত্র রয়েছে। পরে অবশ্য তারা জানায়, এ বিস্ফোরণের সাথে তার কোন যোগসূত্র ছিল না।

লন্ডন পুলিশের হাতে নিহত জিন চার্লস ডি মেনেজেস (২৭) লন্ডনে গত তিন বছর ধরে বৈধভাবেই বসবাস করছিল। মেনেজেস পেশায় ইলেকট্রিশিয়ান এবং ঘটনার সময় সে কর্মক্ষেত্রে যাচ্ছিল। নিহতের চাচাতো ভাই এলেডি ডি মেনেজেস জানান, জিন চার্লস ভালভাবেই ইংরেজিতে কথা বলতে পারত এবং পুলিশ কোন নির্দেশ দিয়ে থাকলে তা তার না বোঝার কথা নয়।

অপর চাচাতো ভাই এলেক্স এলভিস বলেন, জিন চার্লস অতীতে এমন কোন অপরাধের সাথে জড়িত ছিল না যে কারণে পুলিশ দেখে সে দৌঁড়ে পালিয়ে যাবে। মৃতদেহ ব্রজিলে নিয়ে যাওয়ার জন্য যত দ্রুত সম্ভব হস্তান্তর করতে চার্লসের পরিবার থেকে জানানো হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন পুলিশের অমার্জনীয় ভুলের কারণে ব্রাজিলিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনায় সরকার গভীরভাবে মর্মাহত। কেন এ দুঃখজনক ঘটনা ঘটল ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ খেকে এ ঘটনার সুস্পষ্ট ব্যাখার অপেক্ষায় আছে ব্রাজিল সরকার।