মিশরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৮ তে দাঁড়িয়েছে
মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র শারম-আল-শেখে শনিবার ভোরে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে।
শনিবারের হামলার এই ঘটনা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে কায়রোর সরকারি সূত্র জানিয়েছে। এদিকে প্রেসিডেন্ট হোসনি মোবারক এ হামলাকে কাপুরোষিত বলে উল্লেখ করেছেন। পুলিশ জানায়, পর্যটকদের কাছে খুব পরিচিত নাম শারম-আল-শেখের ওল্ড মার্কেট এলাকায় স্থানীয় সময় একটায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পনের মিনিট পর অন্যান্য বিস্ফোরণগুলো হয়েছে নামা বে’র ঘাজালা ও মিভেনপিক হোটেল সংলগ্ন এলাকায়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ আওয়াদ তাগ উদ্দিন জানান, তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন বিদেশী নাগরিকও রয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, নিহতদের অধিকাংশই ব্রিটেন, কাতার, কুয়েত ও মিশরের নাগরিক।
প্রত্যদর্শীরা বলেছেন, বিস্ফোরণে একটি চারতারা হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণে ঘাজালা গার্ডেন হোটেলের অভ্যর্থনাক পুরোপুরি ভেঙ্গে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকেই আটকে থাকতে পারে বলে উদ্ধারকর্মীরা আশংকা করছেন।
শারম-আল-শেখ ইসরাইল, জর্ডান, মিশর ও ইউরোপের পর্যটকদের কাছে প্রিয় পর্যটন এলাকা হিসেবে পরিচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদিল হামলার জন্য ইসলামী মিলিশিয়াদের দায়ি করেছেন। তার ভাষায়, এটা সন্ত্রাসবাদেরই নগ্ন রূপ।
আদিল বলেন, এ হামলার সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই। মিলিশিয়ারা ইসলামের শ্লোগানকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে বলে তিনি জানান।
মিশরে হামলার খবর শুনে প্রেসিডেন্ট হোসনি মোবারক তার ভূমধ্যসাগর ভ্রমণ বাতিল করে সরাসরি শারম-আল-শেখে চলে আসেন। পর্যটন হোটেলগুলোতে বোমা হামলাকে কাপুরুষোচিত অপরাধ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সন্ত্রাসবাদকে পরাভূত করার লড়াইকেই শক্তিশালী করবে।
মোবারক বলেন, সর্বশক্তি প্রয়োগ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
গত অক্টোবরেও লোহিত সাগরের সিনাই উপদ্বীপে ট্রাকবোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছিল।
