দাঁত রক্ষায় ধূমপান ত্যাগ করুন
যারা ধূমপান ত্যাগ করেছেন, অকালে দাঁত হারানোর ঝুঁকি তাদের অনেক কম। জার্নাল অব ক্লিনিক্যাল পিরিওডোন্টোলোজি প্রকাশিত এক প্রতিবেদনে নিউক্যাসল ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি এ তথ্য প্রকাশ করেন।
টাইনি শিরোনামের গবেষণায় বলা হয়েছে, যারা ধূমপানের মত বদ অভ্যাস ত্যাগ করতে চান না, তাদের অকালে দাঁত হারানোর ঝুঁকি অনেক বেশি। গবেষকদের বক্তব্য, ধূমপানের ফলে দাঁতের মাড়িতে এক ধরনের রোগের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে এক বছরের মধ্যে সবগুলো দাঁতই পড়ে যেতে পারে।
তবে গবেষণাকালীন সময়ে যারা ধূমপান ত্যাগ করেছেন, তাদের মাড়ির অবস্থার উন্নতির লক্ষণ তারা দেখতে পেয়েছেন। গবেষকরা বলেছেন, অধুমপায়ীদের চেয়ে মাড়ির রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ধূমপায়ীদের ছয়গুন বেশি। মাড়ির যে অংশ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে, ধূমপানের ফলে সে অংশ সংক্রামিত হয়ে যায় এবং এর ফলেই মাড়ি রোগাক্রান্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, মাড়ির রোগের জন্য দায়ি ব্যাকটেরিয়া প্রথমে মাড়ির দাঁত সংলগ্ন সাদা অংশকে আক্রমণ করে। তারপর পুরো মাড়িতেই এটি ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে সাদা অংশ ক্ষয় হতে শুরু করে। পাশাপাশি যে হাড়টি দাঁতকে ধরে রাখে, ব্যাকটেরিয়া তাকে আক্রমণ করে। হাড় আক্রমণের শিকার হওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তাকে ধ্বংস করে ফেলে। এর ফলে দাঁত হালকা হতে শুরু করে এবং পড়ে যায়। অনেক সময় দাঁত তুলে ফেলতে হয়।
গবেষকরা আরও বলেন, মাড়ির এ রোগটি ব্যথাহীন। আর তাই ডাক্তারের কাছে যাওয়ার আগে এর অস্তিত্ত্ব ধরা পড়ে না।
গবেষকদের প্রধান ড. ফিলিপ প্রিশো বলেন, দন্ত্যচিকিৎসকরা আগে থেকেই জানতেন যে, ধূমপায়ীদের চেয়ে অধূপায়ীদের মুখ ও দাঁতের স্বাস্থ্য ভাল থাকে। তবে এই প্রথমবারের আমরা দেখতে পেয়েছি যে, ধূমপান ত্যাগকারীদেরও দাঁতের মাড়ির অবস্থা ধূমপানকালীন সময়ের চেয়ে উন্নততর হয়।
