ভারতের সাথে পারমাণবিক সম্পর্ক জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, একটি দায়িত্বশীল দেশ হিসেবে নতুন ও উচ্চতর পারমাণবিক প্রযুক্তিতে সম্ভাবনাময় দেশ ভারতকে অন্যান্য দেশের মতো বিভিন্ন সুবিধা-সুবিধা দেয়া উচিত।
সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে ওয়াশিংটনে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সোমবার প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ এ কথা বলেন।
বুশ বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আগে কখনই এত শক্তিশালী ছিল না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত সংস্কার, মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধ, শক্তি সরবরাহসহ বিভিন্ন প্রয়োজনে ওয়াশিংটনের সহযোগিতা দিল্লির খুবই প্রয়োজন বলে মনমোহন সিং জানিয়েছেন।
তিনি বলেন, আমরা দু’জনই স্বীকার করেছি যে, বৈশ্বিক শক্তির চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির বড় ধরনের ভূমিকা রয়েছে।
যদিও সোমবারের যৌথ বিবৃতিতে ভারতের কাছে থাকা নির্দিষ্ট কোন পারমাণবিক অস্ত্র সম্পর্কে বলা হয়নি, তারপরও বলা যায়, এর মাধ্যমে ভারতকে একটি আস্থাশীল পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃত দেয়া হল।
কয়েক দিনের সমঝোতা শেষে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বুশ তার পারমাণবিক শক্তিধর বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করে ভারতের তারাপুরে অবস্থিত আনবিক শক্তি প্লান্টে জ্বালানি সরবরাহের ব্যাপারে তাদের মতামত চাইবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পেতে ভারতের প্রচেষ্টার প্রতি কোন সমর্থন না দেয়ার কথা ওয়াশিংটন অনেক আগেই জানিয়ে দিলেও ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে বলে যৌথ ঘোষণায় ইঙ্গিত দেয়া হয়েছে। এ ব্যাপারে বুশ বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যে ভূমিকা পালন করছে, আন্তর্জাতিক সম্প্রদায় তা গ্রহণ করেছে।
যৌথ ঘোষণায় আরও বলা হয়, দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশগুলোর মত ভারতও তার পারমাণবিক শক্তির ব্যাপারে দায়বদ্ধ। শান্তির জন্য ব্যবহৃত পারমাণবিক শক্তি থেকে সামরিক কাজে ব্যবহৃত পারমাণবিক শক্তি আলাদা করবে বলে দিল্লি জানিয়েছে।
যৌথ বিবৃতিতে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদ ও বাণিজ্যের মত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এ বিবৃতি বড় ধরনের পরিবর্তন বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা।
