মুসলিম নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসছেন ব্লেয়ারের
লন্ডনের ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনার জন্য প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ব্রিটেনের বিভিন্ন মুসলিম সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার বৈঠক করতে যাচ্ছেন।
কিভাবে একজন তরুন ব্রিটিশ নাগরিক আত্মঘাতী বোমা হামলাকারী হয় এবং সন্ত্রাসবাদ শিক্ষাদানকারীদের মোকাবিলা করতে কি করা উচিত-সে সম্পর্কে ব্লেয়ার নেতৃবৃন্দের কাছে জানতে চাইবেন।
বৈঠকে বিরোধী দলের নেতারাও উপস্থিত থাকবেন। আর যেসব মুসলিম নেতৃবৃন্দ তার সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা জানাবেন, সে সব সমস্যার সমাধানে তিনি তাদেরকে পূর্ণ সমর্থন দেবেন বলে ব্লেয়ার জানান।
১০ নং ডাউনিং স্ট্রিটের বৈঠকের লক্ষ্য হল সন্ত্রাসবাদ ও এর মূল উৎপাটন করা।
এদিকে লন্ডন সিটির চারটি আত্মঘাতী হামলায় হতাহতদের সাহায্যার্থে ও বোমা হামলাকারীদের সম্পর্কে আরও বেশি তথ্য আহরণ করতে ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
বরাদ্দকৃত অর্থের মধ্যে ১০ মিলিয়ন পাউন্ড বোমা হামলায় আহতদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। বাকি ১০ মিলিয়ন পাউন্ড সন্ত্রাসবাদ মোকাবেলায় লন্ডন মেট্রোপলিটন পুলিশকে দেয়া হবে।
