আদভানি ২টি পদের একটি থেকে পদত্যাগ করতে রাজি
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি এল কে আদভানি দুুটি পদের একটি থেকে পদত্যাগ করতে সম্মত হয়েছেন। এলকে আদভানি ভারতের বিজেপির প্রধান এবং লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার রাতে আদভানি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) নেতাদের সাথে বৈঠকের পর একথা বলেন। সম্প্রতি পাকিস্তান সফরে আদভানি পাকিস্তান রাষ্ট্রের জনক মোহাম্মদ আলী জিন্নাহকে ‘ধর্মনিরপেক্ষ’ বলে মন্তব্য করায় আরএসএস তার পদত্যাগের দাবি তোলে। সংঘ পরিবার আদভানিকে অব্যাহত সমর্থন দিলেও তার পদত্যাগের ব্যাপারে নীরব থাকে।
বর্তমানে পেয়ারালাল খান্দেনওয়াল, মদন লাল খোরানা, বাঙ্গারু লক্ষ্মণ ও জনা কৃষ্ণমূর্তি আদভানিরে ব্যাপারে মুখ খুলেছেন এবং তার কড়া সমালোচনা করেছেন।
খুরানা ও খান্দেনওয়াল ইতোমধ্যেই তাদের সিদ্ধান্তের কথা দলের প্রধানকে জানিয়ে দিয়েছেন। চলতি সপ্তাহের শেষ দিকে বিষয়টি নিয়ে চেন্নাইয়ে দলের সভায় ব্যাপক হট্টগোল হতে পারে।
আর এ অবস্থার প্রেক্ষাপটেই আদভানি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে শনিবার সাক্ষাৎ করেছেন। তারা দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেছেন।
