২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজেকে পাল্টাও’ ঃ সালমানকে তার বাবার খোলা চিঠি

ঐশ্বরিয়ার সাথে সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’ ছবি নিয়ে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে সালমানের পিতা সেলিম খান তার নায়ক পুত্রকে সংযত হওয়ার আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

৭৫ বছর বয়সী সেলিম খান মুম্বাইয়ের একটি পত্রিকায় সালমানকে লেখা চিঠিতে বলেছেন,“ সবাই তোমাকে ব্যবহার করছে। নিজেকে পাল্টাও। আমি চাই, তুমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চল। একজন তোমায় ছেড়ে চলে গেছে তাতে কী হয়েছে? তুমি নিশ্চয়ই তোমার জীবন সঙ্গিনীকে খুজে পাবে।” 

পিতা যত কষ্টই পান না কেন, বিতর্ক সালমান খানের পিছু হটছে না। পত্রিকাটি ফের সালমান খান-ঐশ্বরিয়ার একটি কথোপকথন প্রকাশ করেছে। সেখানে অপরাধ জগতের সাথে তার দহরম মহরম এর কথা জোর গলায় বলেছেন সালমান। টেলিফোনে সালমান ঐশ্বরিয়াকে বলেন, আবু সালেম তোমার সাথে ভালো ব্যবহার করেছে । কারণ সে আমাদের সম্পর্কের কথা জানে। টেলিফোনে ঐশ্বরিয়ারকে সালমান প্রীতি জিন্তা, দিয়া মির্জার সাথে তার শারীরিক সম্পর্কের কথাও জানান।

তবে এ বিতর্কে বলিউড সালমানের পাশে এসে দাঁড়িয়েছে। পরিচালক মহেশ ভাট, শ্যাম বেনেগাল, গোবিন্দ ও সাংসদ তারকারাও তাকে সমর্থন দিচ্ছে। বলিউড যাই বলুক, সংঘ পরিবারের যুব কর্মীদের থামানো যাচ্ছে না।  ভারত জুড়ে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। সরকার প্রবল বিক্ষোভের মুখে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের বেশকয়েকটি হলে ছবির প্রদর্শনী বন্ধ ঘোষণা করেছে। বান্দ্রায় সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনকালে বিজেপি’র যুব সংঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সালমান খানকে নিয়ে মহারাষ্ট্রের বিধান সভায় উপ-মুখ্যমন্ত্রী আর আর পাতিল আগামী ২০ জুলাই বিবৃতি দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এদিকে হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া এখনো মুখ খোলেননি। ঐশ্বরিয়ার আইনজীবী গিরীশ কুলকার্নি বলেছেন, “মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে আপতত আমাদের কিছুই বলার নেই।”