২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোভের পাশে এসে দাঁড়ালেন বুশ

একজন সিআইএ কর্মকর্তার পরিচয় ফাঁস করে দেয়ার অভিযোগে অভিযুক্ত হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা কার্ল রোভকে ঝামেলামুক্ত করতে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ বুশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বুধবার কেবিনেট বৈঠক শেষে বুশ উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ তদন্ত। পাশাপাশি মিডিয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে কোন ব্যক্তি সম্পর্কে পূর্ববিচার না করাও ততোধিক গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সাথে কথা বলার সময় কার্ল রোভ প্রেসিডেন্ট বুশের পিছনের আসনেই বসে ছিলেন। তবে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরী ও প্রকাশ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কোন আলোচনায় যেতে রাজি নন বুশ।

হোয়াইট হাউজ মুখপাত্র স্কট ম্যাকলিলান জানিয়েছেন, কার্ল রোভ প্রেসিডেন্ট বুশের সমর্থন লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার যা বলেছিলাম, আমি আজও তা-ই বলছি। কার্ল রোভসহ হোয়াইট হাউজের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর ওপর প্রেসিডেন্টের আস্থা রয়েছে।

কার্ল রোভের আইনজীবী রবার্ট লুসকিন বলেন, কেন্দ্রীয় তদন্ত কমিশনের সামনে সাক্ষ্যদান কালে রোভ তদন্ত কর্মকর্তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। তিনি কোন অন্যায় করেননি। প্রয়োজন হলে বিশেষ কৌসুলীর কাছে রোভ প্রয়োজনীয় যে কোন তথ্য সরবরাহ করতে প্রস্তুত।

কার্ল রোভের বিরুদ্ধে ২০০৩ সালের জুলাই মাসে বেআইনিভাবে সিআইএ কর্মকর্তা ভ্যালেরি প্লামির নাম প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে। আর যে প্রতিবেদকের প্রতিবেদনের মাধ্যমে টাইম ম্যাগাজিনে ভ্যালেরির নাম প্রকাশিত হয়েছিল, সেই ম্যাথু কুপারকেও আড়াই ঘন্টারও বেশি সময় শুনানিতে উপস্থিত থাকতে হয়েছে।

এদিকে ভ্যালেরি প্লামির স্বামী, সাবেক রাষ্ট্রদূত যোসেফ উইলসন জানিয়েছেন, তাকে হেয় করার চক্রান্তের অংশ হিসেবে ভ্যালেরির নাম প্রকাশ করা হয়েছিল। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের বৈধতা নিয়ে যোসেফ তখন প্রশ্ন তুলেছিলেন।