সংঘর্ষের মধ্য দিয়ে জি-৮ সম্মেলন শুরু, স্কটল্যান্ডে কড়া নিরাপত্তা
পুলিশ ও জি-৮ বিরোধীদের সংঘর্ষের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জি-৮ শীর্ষ সম্মেলন স্কটল্যান্ডে শুরু হচ্ছে। সম্মেলন অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার রাতে গ্লিন্যাগ্লেস হোটেলে সম্মেলনের উদ্বোধন হতে যাচ্ছে।
শিল্পোন্নত আটটি দেশের নেতারা এ উপলক্ষে স্কটল্যান্ডে পৌঁছুতে শুরু করেছেন। এবারের সম্মেলনে আবহাওয়া পরিবর্তন ও আফ্রিকায় সাহায্য বৃদ্ধির বিষয় প্রাধান্য পাবে।
ভারত, চীন, ব্রাজিল, দ. আফ্রিকা এবং মেক্সিকো-এই পাঁচটি উন্নয়নশীল দেশের নেতারা বিভিন্ন ইস্যুতে জি-৮ নেতাদের সাথে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী মনোমোহন সিং সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে চার দিনের সফরে যুক্তরাজ্যে রওয়ানা হয়ে গেছেন। সম্মেলনে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আফ্রিকা। দারিদ্র্য পীড়িত আফ্রিকায় সাহায্য বাড়ানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ারের মধ্যে দর কষাকষি চলছে। এবার সম্মেলনের সুবাদে আফ্রিকায় মার্কিন সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার দাবি রেখেছে ব্রিটেন।
এছাড়া সম্মেলনে আরব-ইসরায়েল সংঘর্ষ, বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতা এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র বিস্তার রোধ, তেলের মূল্য নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হবে। ব্রিটেন, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও রাশিয়া জি-৮ এর সদস্য এ সাতটি দেশ আশা করছে, এবার মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করবে।
এদিকে, সম্মেলন বানচাল করে দিতে প্রায় পাঁচ হাজার জি-৮ বিরোধী এখন স্কটল্যান্ডে অবস্থান করছে। ইতিমধ্যে বুধবার সকালে জি-৮ বিরোধী ও পুলিশের মধ্যে এক দফা সংঘর্ষ হয়ে গেছে। তারা মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নেমে যায়। প্রতিবাদকারীরা সকালে গাড়ি ভাংচুর করে এবং পুলিশ ও গাড়ি লক্ষ করে পাথর ছুড়ে মারে। বিরোধীরা গ্লিন্যাগ্লেস হোটেলে ঢোকার প্রধান পথে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শিল্পোন্নত দেশগুলো যাতে আফ্রিকাকে পর্যাপ্ত সাহায্য প্রদানে মতৈক্যে পৌঁছে সে জন্য চাপ প্রয়োগ করছে।
এছাড়া জি-৮ বিরোধীদের বুধবার দুপুরের কর্মসূচি পুলিশ বানচাল করে দেয়। সম্মেলন সফল করে তোলার জন্য বিক্ষোভকারীদের ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
