‘পৃথিবীর পরিবেশ-প্রতিবেশে নাটকীয় পরিবর্তন ঘটছে’
পৃথিবীর পরিবেশ, প্রতিবেশ ও ভূ-গাঠনিক বিষয়াদিতে নাটকীয় পরিবর্তন ঘটছে। গত কয়েক দশকে উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি ও তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করে জাতিসংঘ যে ভূ-মানচিত্র বা এটলাস তৈরি করেছে তাতেই এসব পরিবর্তন ধরা পড়েছে।
ভূ-মানচিত্রে লক্ষ্য করা গেছে যে, ব্যাপকহারে বৃক্ষ নিধন, বন উজাড়করণ, নগরায়ন ও আবহাওয়াগত তারতম্যের ফলে পরিবেশের ভারসাম্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ ও মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা)-এর সহযোগিতায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (ইউএনইপি) কর্তৃক প্রণীত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আর ভূ-মানচিত্রে দৃষ্ট এসব পরিবর্তনের প্রভাব পড়ছে সারা বিশ্বে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে দক্ষিণ স্পেনে ব্যাপক হারে গ্রীন হাউজ গ্যাস নির্গমন, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় ব্যাপক চিংড়ি চাষ ও তার প্রভাব, পীত নদীতে (ইয়েলো রিভার) তলানি জমে এর মোহনায় ভূ-খণ্ডের সৃষ্টি, অধিক তাপমাত্রার ফলে পর্বত চূড়ায় হিমবাহের গলন এবং দক্ষিণ আফ্রিকা ও সাব-সাহারায় দাবানলে বন উজাড় ইত্যাদি।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির নির্বাহী পরিচালক ক্লাউস টোয়েফার বলেন, “বিশ্বকে স্থিতিশীল এবং পরিবেশগতভাবে সতেজ রাখতে হলে আগে দরকার টেকসই উন্নয়ন। শহরে অধিক মানুষ বসবাসের ফলে পানি, খাদ্য, আসবাবপত্র, ধাতব পদার্থ বিপুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ফলে গৃহস্থালি ও কারখানা থেকে দূষিত ও বিষাক্ত বর্জ্য নির্গত হচ্ছে । আর বিষাক্ত গ্যাস নির্গমনের কারণে ভূ-মণ্ডলের উষ্ণতা বাড়ছে।”
