হ্যারি পটার চুরির ঘটনায় হই চই
হ্যারি পটার নিয়ে ফের হই চই। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী জাদু বালক হ্যারি পটারের অ্যাডভেঞ্চারের পরবর্তী কিস্তি চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। বইটি প্রকাশিত হবার ছ’সপ্তাহ আগেই সেটি চুরি হয়ে যাবার বিষয়টি নিয়ে জমে উঠেছে নাটকীয়তা।
ইংলিশ শহর কেটারিংয়ে একটি সড়কে বন্দুকের গুলিবর্ষনের খবর পেয়ে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। সেখানে খবরের কাগজ ‘সান’ এর রিপোর্টাররা নতুন বইটির চুরি হয়ে যাওয়া কিছু কপি বিক্রির প্রস্তুতি চলছে, এমন অভিযোগ পেয়ে সেখানে অবস্থানকারী দু’জন লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
হ্যারি পটার এন্ড দি হাফ ব্লাড প্রিন্স আগামী ১৬ জুলাই প্রকাশিত হবার কথা। তবে এরই মধ্যে প্রকাশিতব্য বইটি নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। এ নিয়ে বাজি প্রস্তাব করছেন বুক মেকাররা।
এতো সব হুলস্থূলের কারণ হচ্ছে, লেখক জে কে রোলিং ন’মাস আগে ঘোষণা দেন যে, সিরিজের একটি চরিত্র খুন হতে পারে।
‘সান’ এবং ‘মিরর’ এর মুখপাত্ররা বলেন, কেউ একজন তাদের দু’ জনের কাছে এসে দাবি করে যে, তার কাছে নতুন বইটির কিছু কপি আছে। পরে বইগুলো প্রকাশকদের কাছে ফেরত দেয়া হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হবার জন্য তারা ওই লোকটির সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। নর্দাম্পশায়ারের ক্যাটেরিং এলাকা থেকে লোকটি যোগাযোগ করেছিলো।
সানের পক্ষ থেকে জানানো হয়, আসলেই লোকটির সঙ্গে তাদের যোগাযোগ ঘটেছিলো।
নর্দাম্পশায়ার পুলিশ মুখপাত্র জানান, অফিসাররা বইয়ের ব্যাপারে যোগাযোগের পর দুজনকে গ্রেফতার করে।
তিনি বলেন, দুটি বই উদ্ধার করা গেছে এবং সেগুলো নিরাপদেই আছে।
পরে পুলিশ এও জানায় যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার এবং চুরি করা বই বহনের দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
৩৭ এবং ১৯ বছর বয়সী দুই গ্রেফতারকৃতকে জামিনে মুক্তি দেয়া হয়।
ওদিকে লেখক রোলিং তার হ্যারি পটার সিরিজের ষষ্ঠ বইয়ের প্রকাশনা উপলক্ষে আগামী ১৬ জুলাই তার এডিনবরা ক্যাসলে ইংরেজী ভাষাভাষি বিভিন্ন দেশের মোট ৭০ জন শিশুকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিশ্বে হ্যারি পটার এর প্রায় ২৫ কোটি কপি বিক্রি হয়েছে।
প্রকাশনার ইতিহাসে ২০০৩ সালে দ্রুত এবং বেশি সংখ্যায় বিক্রি হওয়া বইগুলোর একটি হচ্ছে হ্যারি পটার এন্ড দি অর্ডার অব দি ফোনিক্স।
