২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নিন: আনান

ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে এইডস, কোনও প্রতিরোধক ব্যবস্থাই এর বিস্তারের মাত্রা থামাতে পারছে না, বলেছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 10:57 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নিউ ইয়র্কের এক সম্মেলনে বৃহস্পতিবার কফি আনান বলেন, ”গত বছর এইডস-এ আক্রান্ত হয়ে যত লোক মারা গেছে, ইতোপূর্বে আর কখনও তত লোক মারা যায়নি।”

তিনি আরও জানান, উন্নয়নশীল দেশের এইডস আক্রান্তদের মাত্র ১২ ভাগ এইডস প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করার সামর্থ্য রাখে।

জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে ভয়াবহ এইডসের বিস্তার রোধে একটি লক্ষ্য নির্ধারণ করেছে। আনান বলেন, এ লক্ষ্যে পৌঁছতে হলে সুযোগ্য নেতৃত্ব এবং প্রয়োজনীয় তহবিল গঠন অতি জরুরি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আনান সম্মেলনের প্রতিনিধিদের বলেন, এইডসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা বর্তমান প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ”আমরা যদি এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারি তাহলে একটি মানবিক, স্বাস্থ্যকর এবং সাম্যের বিশ্ব গড়ে তুলতে পারবো। আসুন আমরা সবাই মিলে এই দায়িত্ব কাঁধে নিয়ে অগ্রসর হই।”

একদিনের এ সম্মেলনে এইডস প্রতিরোধকল্পে জাতিসংঘের কর্মসূচীর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ১২০টি দেশের প্রতিনিধিগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।