২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ বাজেটকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অসাধু’ বলে উল্লেখ করলেন জ্যাক স্ট্র

ফ্রান্স ও নেদারল্যান্ডের ভোটাররা যখন গণভোটে প্রস্তাবিত ইইউ সংবিধান প্রত্যাখান করল তখন থেকেই ইইউ’র ‘জয়যাত্রা’য় ভাটার টান পড়ল। বিভিন্ন বিষয়ে ‘ফেকরা’ দেখা দিতে শুরু করল। সর্বশেষ মতানৈক্য ইইউ বাজেট নিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 11:13 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

অন্যেরা একমত হলেও ব্রিটেন বলেছে ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় (রিবেট) দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

ইইউ সংকট যে যথেষ্ট ‘ম্যাচিউরড’ হয়েছে তা বোঝা যায় যখন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের

প্রস্তাবিত বাজেটকে অগ্রহণযোগ্য ও অসাধু বলে অভিহিত করেন। লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের বাজেট ও সংবিধানের ভবিষ্যৎ নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইইউ-এর সমস্যার পেছনের কারণ হিসেবে যদি যুক্তরাজ্যের ঋণ পরিশোধমূলক ছাড়কে বিবেচনা করা হয় তবে তা সমীচীন হবে না বলে তিনি উল্লেখ করেন। তার মতে, ব্রিটেন ঋণ-ছাড় দিলেই ইইউ’র মৌলিক সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা সেরকম নয়।

অন্যান্য ইইউ সদস্যরা বলছে ব্রিটেন ঋণ-ছাড় দিক, কিন্তু ব্রিটেন বলছে, এটি যুক্তরাজ্যের মাথাপিছু আয় অনেক কমিয়ে দিবে। স্ট্র বলেন, প্রয়োজনে অর্থমন্ত্রী ব্রাউন এ ব্যাপারে ভেটো দেবেন। কারণ ব্রাউন ঋণ-ছাড়ের পক্ষে নন।

উল্লেখ্য, অন্যান্য ইইউ সদস্যের সাথে একমত হলে ব্রিটেনকে প্রায় তিন বিলিয়ন পাউন্ড ঋণ-ছাড় দিতে হবে।

এদিকে ১৬ এবং ১৭ জুন ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপিয়ান কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই সম্মেলনে ২০০৭-২০১৩ সালে ইউ-এর বাজেট ও সংবিধানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের ব্যয় কমাতে এই ঋণ-ছাড় নয়, বরং সংগঠনটির অন্যান্য ব্যয় কমাতে হবে।

তিনি মনে করেন, ইউরোপের কিছু মৌলিক সিদ্ধান্ত নেয়া উচিত। বিশেষ করে বিশ্বায়নের ব্যাপারে তাদের সচেতন হওয়া দরকার। প্রস্তাবিত বাজেট ইউরোপে চাকরির বাজার চাঙা করতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে না বলে তিনি মনে করেন।