২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার জান্তার নিন্দায় অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল

মায়ানমারের শান্তিকামী রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে সেদেশের সামরিক জান্তার নির্যাতনমূলক আচরণের নিন্দা করেছে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল। কমপক্ষে ১ হাজার ৩ শ ৫০ জন রাজনীতিবিদ মায়ানমারের জেলে আটক রয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

অটককৃতদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ এবং এদের বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ নেই বলে অ্যামনেষ্টির রিপোর্টে উল্ল্যেখ করা হয়েছে।

রিপোর্টে গণতান্ত্রিক নেত্রী অং সান সুকির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি)’র এই নেত্রীকে গত ১৬ বছরের মধ্যে ৯ বছরই বন্দিদশায় থাকতে হয়েছে। অ্যামনেষ্টির রিপোর্টে আরও ২০০ জন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বন্দীর হিসেব দেওয়া হয়েছে। ১৯৮৯ সাল থেকে কারাবন্দী এসব রাজনীতিবিদদের কাউকে কাউকে নির্যাতনও করা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। বয়সজনিত সমস্যার পাশাপাশি অনেকে স্বাস্থ্যজনিত সমস্যায়ও ভুগছেন। রিপোর্টে সাংবাদিক ও এনএলডি’র সদস্য ৭৫ বছর বয়সী উ উইন তিন-এর কথা বলা হয়েছে। উ উইন ১৯৮৯ সাল থেকে কারাবন্দী রয়েছেন। ২০০৪ সালের নভেম্বরে অন্যান্য বন্দীর সাথে তাকে মুক্তি দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তিনি অন্তরীণই রয়ে গেছেন। কারাবন্দী অবস্থায় জেলে মানবাধিকার লংঘন নিয়ে বিভিন্ন লেখালেখির জন্য তাকে শাস্তি দেয়া হয়। নির্যাতনর সংক্রান্ত বিদেশী সংবাদ সংস্থার বিভিন্ন তথ্য জাতিসংঘে প্রেরণের অভিযোগেও অনেককে কারাবন্দী করা হয়েছে।

বন্দীদের তালিকায় ছাত্ররাও রয়েছে। এরকমই একজন হাইয়ো মিন থেন। ১৯৯১ সালে অং সান সুকির পক্ষে একটি র‌্যালিতে অংশ নিলে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু শারিরীক নির্যাতন নয়, ঘুমের ব্যাঘাত ঘটিয়েও বন্দীদের অত্যাচার করছে সামরিক জান্তা। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়করণ প্রক্রিয়া অব্যাহতভাবে চলছে। বন্দীদের আইনজীবিদের সাথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। জানুয়ারী মাস থেকে এ পর্যন্ত মোট তিনজন বন্দী অজ্ঞাত কারণে মারা গেছেন। চিকিৎসকরা তাদের দেহে নির্যাতনের ছাপ পেয়েছেন।

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে বন্দীদের মুক্তি দিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে।