পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রি করবে যুক্তরাষ্ট্র
মার্কিন সরকার পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গি বিমান বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। বুশ প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার একথা জানান।
প্রেসিডেন্ট বুশ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে পাকিস্তানের কাছে জঙ্গি বিমান বিক্রির সিদ্ধান্তটি জানিয়েছেন।
ভারত সরকারের মুখপাত্র সঞ্জয় বারু বলেন, প্রধানমন্ত্রী এ সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ প্রস্তাব ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে শংকিত করে তুলবে।
এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, জঙ্গি বিমান বিক্রির সিদ্ধান্তে ওই এলাকায় শক্তির ভারসাম্যে কোনও ব্যত্যয় ঘটবে না।
বুশ প্রশাসনের কর্মকর্তারা জানান, “প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সন্ত্রাস বিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নিরাপত্তার জন্য এফ-১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বার্তা সংস্থা জানায়, বুশ প্রশাসন যুক্তি দেখাচ্ছে যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলার পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে নতুনভাবে প্রতিশ্র“তিবদ্ধ হয়। অতএব জঙ্গি বিমান তার দরকার।
পাকিস্তান ৮০-এর দশকের শেষদিকে আমেরিকার কাছ থকে জঙ্গি বিমান ক্রয় করতে একটি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু ওয়াশিংটন ১৯৯০ সালে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অবরোধ হিসেবে জঙ্গিবিমান বিক্রির বিষয়টি স্থগিত করে দেয়।
পুনরায় বিমান বিক্রির কর্মসূচিটি হচ্ছে পাঁচবছর মেয়াদী তিন বিলিয়ন ডলারের একটি সহায়তা কর্মসূচির অংশ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী শেখ আহমেদ রশীদ পাকিস্তানের কাছে এফ-১৬ বিমান বিক্রির সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা আমাদের প্রতিরক্ষার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্য দিয়েই বুঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভাল।”
এদিকে ভারত সরকার আশংকা প্রকাশ করেছে যে, এর ফলে চির দুই প্রতিদ্বন্দ্বি দেশের মধ্যকার সামরিক ভারসাম্য নষ্ট হবে এবং চলমান শান্তি প্রক্রিয়া ব্যহত হবে।
গত বছর যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের আরেকটি পৃথক অস্ত্র প্যাকেজ কর্মসূচিতে স্বাক্ষর করে। জঙ্গি বিমান বিক্রির এ সিদ্ধান্ত তখনই এল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এ অঞ্চল সফর করে গেছেন। সফরকালে তিনি ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে এফ-১৬ বিক্রির বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন।
