২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নাট্যশালা, রেস্তোঁরা এবং স্কুল ও কলেজে আল-কায়দার নতুন টার্গেট!

ইরাকে আল-কায়দার প্রধান সহযোগী আবু মুসা আল-জারকাবি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর প্রতিষ্ঠান যেমন নাট্যশালা, রেস্তোঁরা এবং স্কুল ও কলেজে হামলার পরিকল্পনা করে থাকতে পারে। নিউইয়র্কের টাইম ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি এ ব্যাপারে কোনও কিছু সুনির্দিষ্ট  করে বলতে চাননি। তবে টাইম ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে গত সপ্তাহে একটি গোপন বুলেটিন মারফত অবহিত করা হয়েছে।

কিন্তু হ্যাডলি বলেন, প্রশাসন হামলার আগাম খবর সম্পর্কে অবগত। এ খবর যথেষ্ট বিশ্বাসযোগ্য। কারণ আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সাথে আবু মুসা আল জারকাবির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, “নাট্যশালা, রেস্তোঁরা এবং স্কুল ও কলেজ আল-কায়দার যে-কোনও ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

হ্যাডলি সিএনএনকে বলেন, আল-কায়দার সহযোগী জারকাবির সংগঠন কী ধরনের হামলা চালাতে পারে সে সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তাদের কাছে নেই।

সপ্তাহ দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ওসামা বিন লাদেনের নয়া হামলা ঠেকানোই যুক্তরাষ্ট্রের সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্ভবত তার কথার প্রতিধ্বনি করেই আল-কায়দার হামলার এ আশংকা ব্যক্ত করা হল।

টাইম ম্যাগাজিন আরও জানিয়েছে, জারকাবির সংগঠনের কার্যকলাপের বিস্তারিত বিবরণ ওই বুলেটিনে উল্লেখ করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।