জাতিসংঘ রফিক হারিরি হত্যাকাণ্ডের তদন্তের সময় ৬ মাস সময় বৃদ্ধি করেছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আরও ছয় মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সূত্রগুলো জানায়, হারিরি হত্যাকাণ্ডে তদন্তে নিয়োজিত কমিশনটি সিরিয়ার পক্ষ থেকে শর্তহীন সহযোগিতা দাবি করেছে ।
এছাড়াও ওই সভায় কমিশনকে লেবাননে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডগুলো পুনঃতদন্তের অনুমতি দেয়া হয়। পাশাপাশি সিরিয়াকে কমিশনের নিয়োগকৃত কৌঁসুলি দেতলেভ মেলিসকে পূর্ণ সহযোগিতা প্রদানের নির্দেশ করা হয়।
কিন্তু অভিযুক্তদের আন্তর্জাতিক বিচারের ব্যাপারে ঐকমতে পৌঁছতে ব্যর্থ হয়েছে সদস্য রাষ্ট্রগুলো।
এর পরিবর্তে জাতিসংঘ মহাসচিব কফি আনান লেবাননকে এ ধরনের বিচারালয়ে বিচারের সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোলটন এ সিদ্ধান্তকে সিরিয়ার জন্য একটি সতর্কবাণী হিসেবে উল্লেখ করে বলেন, ‘ সিরিয়া কিছুতেই নিজেদের আড়াল করতে পারবে না’।
ফেব্র“য়ারিতে রফিক হারিরির হত্যাকাণ্ডে সিরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল এ ব্যাপারে সুনিশ্চিত জাতিসংঘ কমিশন।
অন্যদিকে সিরিয়া এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলে কমিশনকে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে।
