জাতিসংঘের তদন্ত দলের সাথে লেবানন প্রেসিডেন্টের সাক্ষাৎ
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যা তদন্তে গঠিত জাতিসংঘ তদন্ত দল দেশটির প্রেসিডেন্ট এমিল লাহুদের সাথে বৈরুতে বৈঠক করেছেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর জানানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট লাহুদ প্রেসিডেন্ট প্রাসাদে একটি বিবৃতি দিয়েছেন।
সিরিয়াপন্থী লেবানিজ প্রেসিডেন্ট লাহুদের একজন ঘনিষ্ঠ সহযোগীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
হারিরির হত্যা তদন্তে গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির অন্তবর্তীকালীন প্রতিবেদনে অবশ্য প্রেসিডেন্ট লাহুদকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়নি। তবে তদন্ত দল বলেছে, হারিরির গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালানোর আগে একজন সন্দেহভাজন হামলাকারী প্রেসিডেন্ট লাহুদকে ফোন করেছিল।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হারিরির ওপর হামলা হওয়ার আগে ও পরে প্রেসিডেন্টের প্রাসাদে করা ফোন সম্পর্কে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সে ব্যাপারে তদন্ত দলের কাছে প্রেসিডেন্ট সঠিক তথ্যটি তুলে ধরেছেন।
জাতিসংঘ তদন্ত দলের সাথে ঘনিষ্ঠ কর্মকর্তারা বলেছেন, তদন্তকারী কর্মকর্তারা প্রেসিডেন্ট লাহুদের কাছে তার কার্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ও চেইন অব কমান্ড সম্পর্কে জানতে চেয়েছেন।
কর্মকর্তারা বলেন, বৈঠকটি এক ঘন্টারও বেশি স্থায়ী হয়েছিল।
হারিরির হত্যাকাণ্ডের সাথে সিরিয়া ও লেবাননের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত বলে গত মাসে প্রকাশিত জাতিসংঘের অন্তবর্তীকালীন প্রতিবেদনে অভিযোগ করা হয়। অবশ্য উভয় দেশই অভিযোগ অস্বীকার করেছে।
