২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গা রোধে ফ্রান্সে কারফিউ জারির পরিকল্পনার

ফ্রান্সের প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন বলেছেন, এগার দিনের দীর্ঘ দাঙ্গা অবসানের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষকে কারফিউ জারির অনুমতি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 08:57 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ফ্রান্সের টিএফ১ টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অস্থিতিশীলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

ফ্রান্সের কমপক্ষে ৩০০টি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

তবে তিনি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই অতিরিক্ত ১,৫০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রী ভিলেপিন বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষে যা কিছু করা সম্ভব সবকিছুই করা হবে।

কারফিউ পরিকল্পনার অনুমোদন সংক্রান্ত মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

তিনি বলেন, আঞ্চলিক কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে, তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কারফিউ জারি করতে পারবেন।

যদিও কারফিউ জারির সিদ্ধান্ত বুধবারের আগে কার্যকর হবে না, তবু প্যারিসের লি র‌্যাইনসি এলাকার মেয়র অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার কারফিউ জারি করেছেন।

প্রধানমন্ত্রীর কারফিউ জারির পরিকল্পনার মাঝেও দক্ষিণাঞ্চলীয় তুলে শহরে সহিংসতা দেখা দিয়েছে। সেখানে দাঙ্গাকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া উত্তরের লিলে ও প্যারিসের দু’টি স্থানে দাঙ্গার খবর পাওয়া গেছে।

দাঙ্গায় কমপক্ষে ১,৪০০টি যানবাহন পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ ৩৯৫ জনকে গ্রেপ্তার করেছে। দাঙ্গায় একজন নিহত ও ৩৬ পুলিশ আহত হয়েছে।

ফ্রান্সের বিভিন্ন অনুন্নত এলাকার বিদ্যমান সামাজিক অবস্থার কারণে দাঙ্গা দেখা দিয়েছে বলে প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে স্বীকার করেছেন। তার ভাষায়, বৈষম্য সমাজের এখনও একটি বড় সমস্যা।

তবে হিজাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞার কারণেই দাঙ্গা দেখা দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী তা অস্বীকার করেছেন।