২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের দাঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ: ৩০ পুলিশ আহত

প্যারিসের দাঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দাঙ্গাবাজদের ছোঁড়া পাথর ও গুলিতে প্রায় ৩০জন পুলিশ আহত হয়েছে। টানা ১১ রাত ধরে এ দাঙ্গা চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 12:23 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রায় দুশ’ দাঙ্গাবাজ পুলিশের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক।

দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে এ ঘটনা ঘটে।

রোববার রাতে দাঙ্গাবাজরা কয়েকশ’ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দাঙ্গাবাজদের হঠাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এগার দিন আগে সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় চার হাজার গাড়িতে আগুন লাগানো হয়েছে। পুলিশ প্রায় তিনশ’ জনকে আটক করেছে। আফ্রিকান এবং আরব বংশোদ্ভূতরাই এসব সংঘর্ষের সাথে জড়িত।

গ্রিংনি এলাকায় দু’জন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হন। তারা পায়ে এবং গলায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা বার্নেড ফারানিও বলেন, পুলিশ অফিসারদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ব্যাপারে আমি খুব উদ্বিঘ্ন।

দক্ষিণাঞ্চলীয় টোওলোস শহরে পুলিশ দাঙ্গাকারীদের হঠাতে গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এছাড়া অরলিন্স, রেনেস ও নেনটেস এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে দাঙ্গা পরিস্থিতি নিয়ে শিরাক এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আইনই’ সর্বশেষ শব্দ। যারা সংঘর্ষ ও ভয়ের বিস্তার ঘটাতে চায় এই প্রজাতন্ত্র তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

শিরাক দাঙ্গাবাজদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির অঙ্গীকার করেন।

২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ দাঙ্গার ব্যাপারে এতদিন পর্যন্ত শিরাক কোনও কথা না বলায় বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েন। এর আগে তার একটি মন্তব্য একজন মুখপাত্রের মাধ্যমে জানা গিয়েছিল।

প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজিসহ বেশ কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

প্যারিসের অদূরে সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা (১৭) বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গার সূত্রপাত হয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।